বুশরা হাসপাতালে শিশুকে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের বুশরা হাসপাতালের বিরুদ্ধে ফারজানা (৬) নামের এক শিশু শিক্ষার্থীকে ভুল চিকিৎসা দিয়ে মৃত্যু মুখে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে।
ফারজানা দেবহাটা উপজেলার নলতা নওয়াপাড়া গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে। সে স্থানীয় নলতা নওয়াপাড়া সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।
ফারজানার বাবা মো. রফিকুল ইসলাম জানান, আমরা মেয়েকে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডা. জাহিদুল ইসলামের সহকারী মো. শরীফ বলেন, আপনারা বুশরা হাসপাতালে যান ঐখানে আপনারা উন্নত চিকিৎসা পাবেন। আমি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ফোন করে বলে দিচ্ছি।
গত সোমবার মেয়ে কানের টিউমার অপারেশনের জন্য শহরের বুশরা হাসপাতালে ভর্তি করি। অস্ত্রোপচারের জন্য মেয়েকে অপারেশন থিয়েটারে নিয়ে ভুল ইনজেকশন প্রদান করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়।
ফারজানা বর্তমানে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আইসিইউতে কর্তব্যরত চিকিৎসক জানান, ফারজানার অবস্থা শঙ্কামুক্ত নয়, তার অবস্থা আশংকাজনক। ৭২ ঘণ্টা না গেলে আমরা কোন কিছু বলতে পারব না।
এ বিষয়ে ডা. জাহিদুল ইসলাম বলেন, শিশুটিকে আমি যে চিকিৎসাপত্র দিয়েছিলাম বুশরা হাসপাতাল কর্তৃপক্ষ সে অনুযায়ী তাকে চিকিৎসা প্রদান করে নি। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
এ ব্যাপারে বুশরা হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, ভুলবশত তার শরীরে অন্য ইনজেকশন প্রয়োগ করা হয়। যা আমাদের কাম্য ছিল না। আমরা এর জন্য আন্তরিকভাবে দুঃখিত।

Leave a Reply