গাজীরহাটে অ্যাম্বুলেন্স-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১
এমএ মামুন, দেবহাটা (সদর): সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের গাজীরহাট বাজারে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্স ড্রাইভার গুরুতর আহত হয়েছেন এবং ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে, অ্যাম্বুলেন্সে রোগীর বদলে ছিলো বাই-সাইকেলের টায়ার-টিউব, রিং ও সাইকেলের ফ্রেমসহ বিভিন্ন সরঞ্জাম।
বুধবার (১ মে) বেলা আড়াই টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে রোগী না নিয়ে গাড়ির টায়ার টিউবসহ বিভিন্ন মালামাল বোঝাই করে সাতক্ষীরা থেকে কালিগঞ্জের উদ্দেশ্যে যান। পথিমধ্যে বেলা আড়াইটার দিকে গাজীরহাট বাজারে পৌঁছানো মাত্র কালিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের নাম্বার ঢাকা মেট্রাট-১৩-০৫৯৩। এসময় অ্যাম্বুলেন্সের ড্রাইভার আদম আলী গুরুতর জখম হয়।
এ বিষয়ে টায়ারের মালিক রুহুল আমিনের কাছে অ্যাম্বুলেন্সের ভিতর টায়ার নিয়ে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আমার দোকান আছে। অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে আমার ভাল সম্পর্ক থাকায় গাড়িতে করে টায়ার নিয়ে যাচ্ছিলাম।
কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইসও তৈবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ড্রাইভার রোগী নিয়ে কালিগঞ্জ থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে যান। কিন্তু অ্যাম্বুলেন্সে মালামাল নিয়ে আসার বিষয়ে জানতে চাইলে বলেন, ড্রাইভার অসুস্থ থাকায় তার কাছে না শুনে আমি কিছু বলতে পারবো না।
এব্যাপারে দেবহাটা থানার এসআই হেকমত জানান, অ্যাম্বুলেন্স- ট্রাক মুখোমুখি সংঘর্ষ হওয়ায় অ্যাম্বুলেন্স ও ট্রাক জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এসময় স্থানীয় জনতার উপস্থিতিতে ট্রাক ড্রাইভার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তাছাড়া অ্যাম্বুলেন্স ড্রাইভার গুরুতর জখম হওয়ায় সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply