ডেস্ক রিপোর্ট: বর্তমান মানবাধিকার পরিস্থিতি ও আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের শহিদ আলাউদ্দিন মিলনায়তনে হিউম্যান রাইটস বিল্ডার্স ফোরামের আয়োজনে এবং আইন ও শালিস কেন্দ্রের সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের সভাপতি সাবেক অধ্যক্ষ আবদুল হামিদের সভাপতিত্বে ও স্বদেশ এর নির্বাহী পরিচালক মধাব চন্দ্র দত্তের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আইন ও শালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক শীফা হাফিজা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, সদস্য সচিব আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক ফাহিমুল হক কিসলু, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ওবায়দুস সুলতান বাবলু, সিনিয়র সাংবাদিক সুভাষ চৌধুরী, কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্বল, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, আসক’র উপ-পরিচালক নীনা গোস্বামী, জেলা জেএসডির সভাপতি সুধাংশ শেখর, হিউম্যান রাইটস বিল্ডার্স ফোরামের সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি প্রমুখ।
বক্তারা সাতক্ষীরার আশাশুনিতে প্রথম শ্রেণির ছাত্রী সুষ্মিতা সরকার ধর্ষণ ও হত্যা মামলা, সাতক্ষীরা সদরের সাধুখাঁ পরিবারের জমি জবরদখলকে কেন্দ্র করে তাদেরকে ভারতে চলে যেতে বাধ্য করার মত পরিস্থিতি সৃষ্টি, খড়িয়াডাঙায় বাসন্তীপুজা অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনায় পুলিশ মামলা না নেওয়া, শ্যামনগরে সরস্বতী পূজা অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা, কালিগঞ্জের সন্ন্যাসীর চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রী সহকারী শিক্ষক শহীদুল ইসলামের দারা শ্লীলতাহানির শিকার হওয়ার ১৭ দিনেও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কোন ব্যবস্থা না নেওয়া, কালিগঞ্জের জয়পত্রকাটি নামযজ্ঞ অনুষ্ঠান থেকে দু’ ভাই বোনকে তুলে নিয়ে নির্যাতন, লুটপাট ও ৫০ হাজার টাকা মুক্তিপণের ঘটনায় প্রকৃত আসামিদের না ধরাসহ বিভিন্নভবে মানবাধিকার লঙ্ঘন পরিস্থিতির কথা তুলে ধরেন।
বক্তারা আরও বলেন, সমাজে নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি পেয়েছে। একই সাথে শিশুকে যৌন নিপীড়ন এবং হত্যা ও বলাৎকারের ঘটনাও বাড়ছে। এ ছাড়া সমাজে হানাহানি বৃদ্ধি পাচ্ছে, বিচার বহির্ভূত হত্যার সংখ্যাও কমছে না। মানুষ বিচার পাবার আশায় ঘুরছে।
আইন ও শালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক শীফা হাফিজা বলেন, আমরা যদি সকলে সংগঠিতভাবে কাজ করতে পারি প্রত্যকের সাথে প্রত্যেকে থাকি, শুধু তাহলে সমাজে পরিবর্তন আনা সম্ভব।
