অবৈধ যান চলাচলের বিরুদ্ধে ২ মে থেকে যৌথ অভিযানে নামবে মালিক সমিতি এবং মাহিন্দ্র, অটোরিক্সা, অটোটেম্পু ও ইজিবাইক সমিতি
সাতক্ষীরা শহরে অবৈধ যান চলাচলের বিরুদ্ধে ২ মে থেকে যৌথ অভিযানে নামবে সাতক্ষীরা বাসমিনিবাস মালিক ও সাতক্ষীরা মাহিন্দ্র, অটোরিক্সা, অটোটেম্পু ও ইজিবাইক সমিতি। গত ২১ এপ্রিল সাতক্ষীরা বাসমিনিবাস মালিক সমিতি আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ছাইফুল করিম সাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোরশেদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌর অটোরিক্সা, অটোটেম্পু মালিক সমবায় সমিতির সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক গাউস আলী প্রমুখ।
সভায় বিআরটিএ এর সিদ্ধান্তসহ হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে মাহিন্দ্র, অটোরিক্সা, অটোটেম্পু ও ইজিবাইক অবাধে চলাচলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ হলো- মানবিক কারণে সমঝোতার ভিত্তিতে বিআরটিএ কর্তৃক রেজিস্ট্রেশনকৃত ও আরটিসির সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক মাহিন্দ্র, অটোরিক্সা, থি-হুইলার, অটোটেম্পু ও ইজিবাইক জাতীয় মোটরযান সংশ্লিষ্ট সড়কে চলাচল করতে পারবে। এক্ষেত্রে বিআরটিএ/আরটিসির সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে আইন প্রয়োগকারী সংস্থা ঐ সকল যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করলে সেক্ষেত্রে সমিতির কোন দায়ভার থাকবে না। সাতক্ষীরা পৌরসভা কর্তৃক প্রদত্ত লাইসেন্সধারী ইজিবাইক ব্যতীত বাইরের কোন ইজিবাইক সাতক্ষীরা শহরের মধ্যে চলাচল করতে পারবে না। ইজিবাইক কালিগঞ্জ সড়কের বাঁকাল, খুলনা সড়কে সুন্দরবন টেক্সটাইল মিলবাজার, যশোর সড়কে কদমতলা ও চাপড়া সড়কে রামচন্দ্রপুর মোড় পর্যন্ত চলাচল করতে পারবে। সংশ্লিষ্ট স্থানে বাস মালিক সমিতি ও ইজিবাইক মালিক সমবায় সমিতি কর্তৃক যৌথ চেক বসানোর সিদ্ধান্ত গৃহীত হয়। নির্ধারিত স্থান অতিক্রম করে কোন ইজিবাইক চলাচল করলে সেক্ষেত্রে বাস মালিক সমিতির চেকারগণ যাত্রী নামিয়ে নিতে পারবেন। রাজ্জাক পার্কস্থ দীঘির পাড়ে ২টার বেশি কোন ইজিবাইক অবস্থান করতে পারবে না। এছাড়া গুরুতর অসুস্থ রোগী বহনকারী মাহিন্দ্র, ইজিবাইক বিবেচনায় নিয়ে ছাড় দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply