জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা: সরকারি খরচে আইনী সেবা তৃণমূলে পৌঁছে দেওয়ার আশ্বাস
এসএম নাহিদ হাসান: জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, সরকারি খরচে দরিদ্র ও অসহায় মানুষকে সেবাদানের মাধ্যমে সাতক্ষীরা জেলাকে মডেল জেলা হিসেবে রূপ দিতে চাই। এ জেলার ৭৮টি ইউনিয়নের মানুষের কাছে লিগ্যাল এইড এর কার্যক্রম পৌঁছে দিয়ে এই ম্যাসেজ দিতে চাই- ন্যায় বিচারের জন্য আমার বিচারালয় সব সময় খোলা। আমাদের শুধু কথা বললে চলবে না, কথার সাথে কাজও করতে হবে। ন্যায় বিচার নিশ্চিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে হবে। বিচার শুধু ধনী মানুষের জন্য না, বিচার গরীবের জন্যও। আর গরীব মানুষের বিচার প্রক্রিয়ায় প্রবেশের জন্য মূলত এই লিগ্যাল এইড। আমি আজ এই প্রোগ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। উপজেলা ও ইউনিয়নের মানুষের কাছে লিগ্যাল এইডের মূল ম্যাসেজ নিয়ে পৌঁছে যেতে চাই।
আমাদের সংবিধানের ২৭ অনুচ্ছেদে বলা হয়েছে, আইনের চোখে সকলেই সমান। সবাই আইনের সমান আশ্রয় লাভকারী। তবে সবাই কিন্তু আইনের আশ্রয়ে আসতে পারে না। সামার্থ না থাকায় তারা বঞ্চিত হয়। বাংলাদেশের প্রায় ২৫ ভাগ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে এবং ১৪ ভাগ মানুষ অতি দরিদ্র। সকলেই যেন আইনের সেবা পায়। বিচারে প্রবেশাধিকার লাভ করে, তার জন্য এই ব্যবস্থা। আমাদের মামলা জট কমানোর দিকেও নজর দিতে হবে। সামগ্রিকভাবে মানুষ যেন ভোগান্তি ও হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
রোববার (২৮ এপ্রিল) বিকালে সাতক্ষীরা আদালত চত্বরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা লিগ্যাল এইড অফিসার সালমা আক্তার ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পাভেল রায়হান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহ আলম, সাধারণ সম্পাদক মো. তোজাম্মেল হোসেন তোজাম, সরকারি কৌশুলী অ্যাডভোকেট জামিনি কান্ত, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তপন কুমার দাস, জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেলভুক্ত আইনজীবী অ্যাডভোকেট রঘুনাথ মন্ডল, সেরা প্যানেল আইনজীবী হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট নাজমুন নাহার ঝুমুর প্রমুখ।
বক্তারা বিনামূল্যে আইনি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সচেতনতার উপর জোর দেন। জেলার সাধারণ মানুষকে লিগ্যাল এইড সম্পর্কে জানাতে স্থানীয় ক্যাবল টিভি নেটওয়ার্ক, সাংবাদকর্মীদের এগিয়ে আসার আহবান জানানো হয়। একই সাথে লিগ্যাল এইড সেবা সম্পর্কে জানাতে সফটওয়ার বা মোবাইল অপারেটরদের সাথে কথা বলে কমন ম্যাসেজ দেওয়া, প্রাথমিকভাবে মানবিক দিক দিয়ে হলেও ভুক্তভোগীদের মামলায় না জড়িয়ে মধ্যস্থতার মাধ্যমে সমস্যা সমাধানে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহবান জানানো হয়। আলোচনা সভার শুরুতে লিগ্যাল এইড থেকে সেবা পাওয়া বেগম রাবেয়া খাতুন ও রুমা পরামান্য তাদের অনুভূতি প্রকাশ করেন।
অনুষ্ঠানে ষষ্ঠবারের মত সেরা প্যানেল আইনজীবীর পুরস্কার পান অ্যাডভোকেট নাজমুন নাহার ঝুমুর।
এর আগে সকালে ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবা দান’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষ্যে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের নেতৃত্বে একটি বণার্ঢ্য শোভাযাত্রা সাতক্ষীরা পুরাতন জজকোর্ট চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন জজকোর্ট চত্বরে এসে শেষ হয়। পরে আদালত চত্বরে রক্তদান কর্মসূচি পালিত হয়।

Leave a Reply