রাইয়ান সাকিল: সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও সিবি ডায়াগনস্টিকের পৃষ্ঠপোষকতায় চলমান ২য় বিভাগ ক্রিকেট লীগের শুক্রবারের খেলায় জয় পেয়েছে শিয়ালডাঙ্গা স্পোর্টিং ক্লাব, তুফান স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র ও নলতা কসমস ক্লাব।
শুক্রবার (২৬ এপ্রিল) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে পাটকেলঘাটা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে ৫ উইকেট পরাজিত করেছে শিয়ালডাঙ্গা স্পোর্টিং ক্লাব। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে পাটকেলঘাটা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। জবাবে ব্যাট করতে নেমে ১৩ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় শিয়ালডাঙ্গা স্পোর্টিং ক্লাব।
একই ভেন্যুতে দুপুরে শেখ শামসুর রহমান স্মৃতি সংসদকে ৪৭ রানে হারিয়েছে তুফান স্পোর্টিং ক্লাব। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে তুফান স্পোর্টিং ক্লাব। ১৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেনি শেখ শামসুর রহমান স্মৃতি সংসদের ব্যাটসম্যানরা। ১৮.১ ওভারে ৮২ রানে অলআউট হয় শেখ শামসুর রহমান স্মৃতি সংসদ। ফলে ৪৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে তুফান স্পোর্টিং ক্লাব।
অপরদিকে, সকালে সরকারি কলেজ মাঠে সাতক্ষীরা স্টুডেন্টস ক্লাবের বিপক্ষে ৯৬ রানে জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে শেখ রাসেল ক্রীড়া চক্রের ব্যাটসম্যানরা। প্রতিপক্ষের বোলারদের চাপে রেখে রান তুলতে থাকে তারা। নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করে শেখ রাসেল ক্রীড়া চক্র। জবাবে ১৭.৩ ওভার ব্যাট করে ৯৪ রানে গুটিয়ে যায় সাতক্ষীরার স্টুডেন্টস ক্লাব। এতে ৯৬ রানে জয় পায় শেখ রাসেল ক্রীড়া চক্র।
একই মাঠে দুপুরে টিএন্ডটি ক্লাবের বিরুদ্ধে ৬ উইকেট জয় পেয়েছে নলতা কসমস ক্লাব। আগে ব্যাটিংয়ে নেমে ১৯.৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে টিএন্ডটি ক্লাব। জবাবে ১ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে নলতা কসমস ক্লাব।
