খেশরা (তালা) প্রতিনিধি: তালার খেশরা গ্রামের রহিম বক্স মোড়লের ছেলে মফেজ উদ্দীন মোড়লের মৎস্য ঘের কেঁটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শাহজাতপুর গ্রামের খোদা বক্স খাঁ’র ছেলে জিয়া খাঁ, মৃত কালু মুন্সির ছেলে লোন খাঁ, ছিরাপ উদ্দীন খাঁর ছেলে গোলজার খাঁ এবং মৃত নুর আলী গাজীর ছেলে রেজাউল গাজীকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, খেশরা মৌজার নলবনচরে মফেজ উদ্দীন মোড়লের পাঁচবিঘা জমির একটি মৎস্য ঘের আছে। তার দক্ষিণ পাশে জিয়া খাঁ’রও একটি মৎস্য ঘের রয়েছে। জিয়া খাঁ বিভিন্ন ছল-চাতুরী করে মফেজ মোড়লের ঘের নিজ দখলে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে তার (মফেজ মোড়ল) কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। সে চেষ্টাও ব্যর্থ হলে জিয়া খাঁ উল্লিখিতদের সঙ্গে নিয়ে মফেজ উদ্দীন মোড়লের মৎস্য ঘের কেঁটে দিয়ে নিজের ঘেরের সাথে একাকার করে নেয়। খবর পেয়ে মফেজ মোড়ল ঘটনাস্থলে গিয়ে বাঁধা প্রদান করতে গেলে তারা তাকে মারতে তেড়ে আসে এবং দেখে নেয়ার হুমকি প্রদান করে।
