রাইয়ান সাকিল: সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও সিবি ডায়াগনস্টিকের পৃষ্ঠপোষকতায় চলমান ২য় বিভাগ ক্রিকেট লীগের বৃহস্পতিবারের খেলায় জয় পেয়েছে সীমান্ত ক্রিকেট একাডেমি, সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাব, শিল্প চক্র ও বটতলা ক্রীড়া চক্র।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে বাঁকাল প্রভাতী সংঘের বিরুদ্ধে ৭৪ রানে জয় পেয়েছে সীমান্ত ক্রিকেট একাডেমি। আগে ব্যাটিংয়ে নেমে ১৯.৩ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে সীমান্ত ক্রিকেট একাডেমি। জবাবে ব্যাটিংয়ে নেমে সীমান্ত ক্রিকেট একাডেমির বোলিং তোপের মুখে পড়ে বাঁকাল প্রভাতী সংঘের ব্যাটসম্যানরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ৫৩ রানে গুটিয়ে যায় বাঁকাল প্রভাতী সংঘ। এতে ৭৩ রান জয় পায় সীমান্ত ক্রিকেট একাডেমি।
একই মাঠে দুপুরে বাঁকাল সুলতান আহম্মেদ স্মৃতি সংসদের বিপক্ষে ১৯ রানে জয় পেয়েছে শিল্পী চক্র। টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৯.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে শিল্পী চক্র। ১৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে বাঁকাল সুলতান আহম্মেদ স্মৃতি সংসদের ব্যাটসম্যানরা। কিন্তু ১৬.৪ ওভারে ১২৭ রানে অলআউট হয় বাঁকাল সুলতান আহম্মেদ স্মৃতি সংসদ। ফলে ১৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে শিল্পী চক্র।
অপরদিকে, বৃহস্পতিবার সকালে সরকারি কলেজ মাঠে সাতক্ষীরা আবাহনী ক্রীড়া চক্রকে ৬ উইকেটে হারিয়েছে সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাব। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে সাতক্ষীরা আবাহনী ক্রীড়া চক্র। সাতক্ষীরা আবাহনী ক্রীড়া চক্রের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন মন্টু। সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাবের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি উইকেট নেন শরিফুল। ১১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৯ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাব। সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাবের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান আসে মাসুদের ব্যাট থেকে। সাতক্ষীরা আবাহনী ক্রীড়া চক্রের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন লিটন।
একই ভেন্যুতে দুপুরে সৈয়দ উদ্দিন স্মৃতি সংসদকে ৬ উইকেটে পরাজিত করেছে বটতলা ক্রীড়া চক্র। টস জিতে ব্যাটিংয়ে নেমে নজরুলের দুর্দান্ত ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে সৈয়দ উদ্দিন স্মৃতি সংসদ। সৈয়দ উদ্দিন স্মৃতি সংসদের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন নজরুল। বটতলা ক্রীড়া চক্রের হয়ে আলমগীর ৩টি উইকেট শিকার করেন। জবাবে অভির ঝড়ো ফিফটিতে ৬ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বটতলা ক্রীড়া চক্র। বটতলা ক্রীড়া চক্রের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন অভি।
