রাইয়ান সাকিল: সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও সিবি ডায়াগনস্টিকের পৃষ্ঠপোষকতায় চলমান ২য় বিভাগ ক্রিকেট লীগের বুধবারের খেলায় জয় পেয়েছে থানাঘাটা সোনালী সংঘ, ইয়ং সুলতানপুর ক্লাব, নবারুন যুব সংঘ ও রাইজিং এরিয়ান্স।
বুধবার (২৪ এপ্রিল) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে পার্ক একাদশকে ১০ উইকেটে পরাজিত করেছে থানাঘাটা সোনালী সংঘ। টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে থানাঘাটা সোনালী সংঘের ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে থানাঘাটা সোনালী সংঘ। জবাবে রানার ব্যাটে ভালো শুরু করে পার্ক একাদশও। তার ঝড়ো ফিফটিতে ড্রয়ে শেষ হয় মূল ম্যাচ। এরপর সুপার ওভার দিয়ে আবারো মাঠে নামে এই দুই দল। এবার আগে ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারিয়ে ৭ রান সংগ্রহ করে পার্ক একাদশ। জবাবে রাসেলের ব্যাটে ১০ উইকেট হাতে রেখে জয় পায় থানাঘাটা সোনালী সংঘ। থানাঘাটা সোনালী সংঘের হয়ে ৮ রানই করেন রাসেল।
একই ভেন্যুতে দুপুরে ইয়ং টাউন ক্লাবকে ২৭ রানে হারিয়েছে আলিপুরের নবারুন যুব সংঘ। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে নবারুন যুব সংঘ। ১৬০ রানের টার্গেটে নেমে ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান করে ইয়ং টাউন ক্লাব। ফলে ২৭ রানে জয় নিশ্চিত করে নবারুন যুব সংঘ।
অপরদিকে, সরকারি কলেজ মাঠে বুধবার সকালে পুরাতন সাতক্ষীরা ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে ১৮ রানে জয় পেয়েছে ইয়ং সুলতানপুর ক্লাব। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে ইয়ং সুলতানপুর ক্লাব। জবাবে ভালো শুরু করেত পারে নি পুরাতন সাতক্ষীরা ক্রিকেট ক্লাবের ব্যাটসম্যানরা। ১৭ ওভারে ১৩৭ রানে অলআউট হয় পুরাতন সাতক্ষীরা ক্রিকেট ক্লাব। এতে ১৮ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ং সুলতানপুর ক্লাব।
একই মাঠে দুপুরে অনির্বান সংস্থার বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছে রাইজিং এরিয়ান্স। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে অনির্বান সংস্থা। ১৬৮ রানের টার্গেটে নেমে ৫ উইকেট হাতে রেখেই ১৯ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় রাইজিং এরিয়ান্স।
