কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে দিবসটি উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং ইউএসআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম ‘নবযাত্রা’ ওয়ার্ল্ড ভিশন কালিগঞ্জ শাখার সহযোগিতায় এই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সেখানে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৈয়েবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেনেটারী ইন্সেপেক্টর আব্দুস সোবহানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, নবযাত্রার এমসিএইচএন অফিসার লীনা হেলেনা গোমেজ, স্বাস্থ্য পরিদর্শক প্রশান্ত সরকার, সিনিয়ার স্টাফ নার্স পুতুল রাণী প্রমুখ।
প্রসঙ্গত, ২৩ থেকে ২৯ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহের ২য় দিন মাতৃ পুষ্টি কাউন্সেলিং, কৃষকদের মৌসুমী ফল ও ফসল নিয়ে আলোচনা এবং প্রতিযোগিতা, ৩য় দিন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, বৌ-মা বাবাদের পুষ্টিকর রান্না প্রতিযোগিতা, ৪র্থ দিন পুষ্টি মেলা ও মসজিদের ইমাম কর্তৃক পুষ্টি নিয়ে আলোচনা, ৫ম দিন কিশোর-কিশোরীদের পুষ্টি সেবা প্রদান, ৬ষ্ঠ দিন বয়ষ্কদের পুষ্টি বিষয়ক ধারণা প্রদান ও ৭ম দিন সমাপনী অনুষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময়ের আয়োজন করা হয়।
