সিবি ডায়াগনস্টিক ২য় বিভাগ ক্রিকেট লীগ
রাইয়ান সাকিল: সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও সিবি ডায়াগনস্টিকের পৃষ্ঠপোষকতায় চলমান ২য় বিভাগ ক্রিকেট লীগের মঙ্গলবারের খেলায় জয় তুলে নিয়েছে মোল্লা স্মৃতি সংসদ, ইয়াং মুন্সীপাড়া যুব সংঘ, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও রসুলপুর যুব সমিতি।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে সাতক্ষীরা সদর উপজেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে ৮ উইকেটে জয় পেয়েছে মোল্লা স্মৃৃতি সংসদ। আগে ব্যাটিংয়ে নেমে মোল্লা স্মৃৃতি সংসদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬৩ রানে গুটিয়ে যায় সাতক্ষীরা সদর উপজেলা ক্রীড়া সংস্থা। জবাবে ৬৪ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় মোল্লা স্মৃৃতি সংসদ।
একই মাঠে দুপুরে ইয়াং সিলভার স্টার ক্লাবের বিপক্ষে ১৩৭ রানে জয় পেয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ব্যাটসম্যানরা। এরপর বোলারদের উপর চাপ রেখে রান তুলতে থাকে তারা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। ২০৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বোলিং তোপে ৬৮ রানে অলআউট হয় ইয়াং সিলভার স্টার ক্লাব। ফলে ১৩৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।
অপরদিকে, সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে কাশেমপুর মুক্ত সবুজ সংঘকে ৮৯ রানে পরাজিত করেছে ইয়াং মুন্সীপাড়া যুব সংঘ। সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে ইয়াং মুন্সীপাড়া যুব সংঘ। জবাবে ১৭ ওভার ব্যাট করে সবকয়টি উইকেট হারিয়ে ৬৫ রান করে কাশেমপুর মুক্ত সবুজ সংঘ। এতে ৮৯ রানে জয় নিশ্চিত করে ইয়াং মুন্সীপাড়া যুব সংঘ।
একই ভেন্যুতে দুপুরে কুখরালী আদর্শ যুব সংঘকে ৬২ রানে হারিয়েছে রসুলপুর যুব সমিতি। দুপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে রসুলপুর যুব সমিতির ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে তারা। ১৮৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু করে কুখরালী আদর্শ যুব সংঘের ব্যাটসম্যানরা। তবে প্রতিপক্ষের অসাধারণ বোলিংয়ে ১৬.৪ ওভারে ১২৬ রানে অলআউট হয় কুখরালী আদর্শ যুব সংঘ। ফলে রসুলপুর যুব সমিতি ৬২ রানে জয়লাভ করে।

Leave a Reply