গাবুরা দারুস সুন্নাত মাদ্রাসার সাইক্লোন শেল্টার ২টি পরিত্যক্ত ঘোষণার দাবি
মো. আশিকুর রহমান, নওয়াবেঁকী: শ্যামনগরের গাবুরা দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সাইক্লোন শেল্টার ২টি পরিত্যক্ত ঘোষণার দাবি উঠেছে। যে কোন মুহূর্তে বিল্ডিং দুটি ধ্বসে পড়ে কোমলমতি ছাত্র ছাত্রীসহ শিক্ষক-কর্মচারীর জান ও মালের ক্ষয়ক্ষতি আশংকা করছেন এলাকাবাসী।
মাদ্রাসার সুপার মাওলানা লিয়াকত আলী জানান, ১৯৬৭ সালে মমতাজ আলী, কেরামত আলী ও কোরবান আলী নামের তিনজন সকলের সহযোগিতায় গাবুরার ডুমুরিয়া, লক্ষীখালী ও সোরা গ্রামের সংযোগস্থলে মাদ্রাসাটি স্থাপন করেন। পরে মাদ্রায়ায় শিক্ষা মন্ত্রণালয়ের ফ্যাসালিটিজ বিভাগের আওতায় ১৯৯৮ সালে একটি দ্বিতল সাইক্লোন শেল্টার ও কারিতাস এর সৌজন্যে নির্মিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও বহুমুখী কমিউনিটি সেন্টার, এস.সি.আই.এ.এফ, স্কটল্যান্ড এর আর্থিক সহায়তায় ১৯৯২ সালে দ্বিতল সাইক্লোন শেল্টার নির্মিত হয়। ঝড় দুর্যোগ প্রবণ এলাকায় সাইক্লোন শেল্টার দুটি নির্মিত হওয়ায় এলাকাবাসীর বিপদের আশ্রয় স্থল হিসেবে পরিচিত লাভ করে। এসব ভবনে ১ম শ্রেণি থেকে ১০ শ্রেণির প্রায় ৫শতাধিক ছাত্র-ছাত্রীকে পাঠ দান করেন ১৬জন শিক্ষক-কর্মচারী।
বর্তমানে সাইক্লোন শেল্টার দুটিতে মারাত্মক ফাটল ধরে ধ্বসে পড়ার উপক্রম হয়েছে। তারপরও শিক্ষার্থী ও শিক্ষকরা জীবনের ঝুঁকি নিয়ে এসব জরাজীর্ণ ভবনে শ্রেণি কার্যক্রম ও অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করছে।
সাইক্লোন শেল্টার দুটি যথাযথ প্রক্রিয়ায় পরিত্যক্ত ঘোষণা করে বিকল্প শ্রেণিকক্ষ স¤প্রসারণে সরকারি ও বে-সরকারি সংস্থার নিকট আহবান জানিয়েছেন গাবুরার ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম ও মাদ্রাসার সভাপতি ইউপি সদস্য জিএম আবিয়ার রহমান।
Leave a Reply