রাইয়ান সাকিল: সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও সিবি ডায়াগনস্টিকের পৃষ্ঠপোষকতায় চলমান ২য় বিভাগ ক্রিকেট লীগের সোমবারের খেলায় জয় পেয়েছে বঙ্গমাতা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, শাহ্ স্পোর্টিং ক্লাব, সোনালী স্পোর্টিং ক্লাব ও ইয়াং স্টার ক্লাব।
সোমবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে চলন্তিকা ক্লাবকে ৭ উইকেটে পরাজিত করেছে বঙ্গমাতা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। এ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষের মাহবুব ও রাসেলের অসাধারণ বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে চলন্তিকা ক্লাবের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ১৭ ওভারে ৬৫ রানের অলআউট হয় তারা। চলন্তিকা ক্লাবের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন মুন। বঙ্গমাতা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে মাহবুব ও রাসেল ৪টি করে উইকেট নিয়েছেন। জবাবে বাপ্পার ব্যাটে ৯ ওভারে ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বঙ্গমাতা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। বঙ্গমাতা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন বাপ্পা।
একই ভেন্যুতে সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্মৃতি সংসদকে ১০ রানে হারিয়েছে সোনালী স্পোর্টিং ক্লাব। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে সোনালী স্পোর্টিং ক্লাব। সোনালী স্পোর্টিং ক্লাবের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন সাজু। মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্মৃতি সংসদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন রিফাত। ১২০ রানের টার্গেটে নেমে দুর্দান্ত শুরু করে মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্মৃতি সংসদের ব্যাটসম্যানরা। তবে প্রতিপক্ষের আলামগীরের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৯ রান করে মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্মৃতি সংসদ। ফলে ১০ রানের জয় তুলে নেয় সোনালী স্পোর্টিং ক্লাব। সোনালী স্পোর্টিং ক্লাবের পক্ষে আলমগীর ৩টি উইকেট লাভ করেন।
অন্যদিকে, সরকারি কলেজ মাঠে সোমবার সকালে ইসুমিয়া স্মৃতি সংসদের বিরুদ্ধে ৪ রানে জয় পেয়েছে শাহ্ স্পোর্টিং ক্লাব। সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে শাহ্ স্পোর্টিং কøাব। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান করে ইসুমিয়া স্মৃতি সংসদ। এতে মাত্র ৪ রানের জয় নিয়ে মাঠে ছাড়ে শাহ্ স্পোর্টিং ক্লাব।
একই মাঠে রফিকুল ইসলাম ওদুদ স্পোর্টিং ক্লাবকে ১৫১ রানে পরাজিত করেছে ইয়াং স্টার ক্লাব। দুপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে ঝড়ো শুরু করে ইয়াং স্টার ক্লাবের ব্যাটসম্যানরা। এরপর চান্দু ও মাহবুবের ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ২১৬ রান সংগ্রহ করে ইয়াং স্টার ক্লাব। ইয়াং স্টার ক্লাবের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন চান্দু। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৫০ রান করেন মাহবুব। ২১৭ রানে টার্গেটে ব্যাট করতে নেমে মেহেরাবের বোলিং নৈপুণ্যে ৬৬ রানের গুটিয়ে যায় রফিকুল ইসলাম ওদুদ স্পোর্টিং ক্লাব। ফলে ১৫১ রানের জয় পায় ইয়াং স্টার ক্লাব। ইয়াং স্টার ক্লাবের হয়ে মেহরাব ৩টি উইকেট নিয়েছেন।
