স্টাফ রিপোর্টার: বাসক পাতা। বাসক পাতা আগে যেখানে পতিত জায়গায় অথবা ঘেরা-বেড়া দেওয়ার কাজে ব্যবহৃত হতো। এখন সেই বাসক পাতাতেই ভাগ্য ঘুরছে গ্রামীণ মানুষের। বাসক পাতা উৎপাদন ও বিক্রি করে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের তিন শতাধিক নারী বাড়তি আয় করছেন। গত ছয় মাসে প্রায় ১৬ মেট্রিক টন বাসক পাতা বিক্রি করেছেন তারা। তাই বাসক পাতা চাষ ও বিক্রয় কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ মানুষের অর্থনৈতিক কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন হওয়া সম্ভব।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সাতক্ষীরা সদর উপজেলার এল্লারচর মৎস্য প্রদর্শনী খামারের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত ‘বাসক পাতা চাষ ও বিক্রয় কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভায় এসব তথ্য উঠে এসেছে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্লু গোল্ড প্রোগ্রামের আওতায় এই সভার আয়োজন করে।
সভায় জানানো হয়, ২০১৪ সালে সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলায় পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কাজ শুরু করে ব্লু গোল্ড। এই প্রোগ্রামের আওতায় গঠিত পানি ব্যবস্থাপনা দলের সদস্যদের আয় বর্ধনে ২০১৭ সালে প্রাথমিকভাবে বাসক পাতা চাষ নিয়ে আলোচনা হয়। আলোচনার ভিত্তিতে ফিংড়ি ইউনিয়নের ছয় কিলোমিটার এলাকায় শুরু হয় বাসক পাতা চাষ। কিন্তু তখনও এর বাজার সম্প্রসারণের কোন পথ ছিল না। এরপর ব্লু গোল্ডের পক্ষ থেকে বিভিন্ন ওষুধ কোম্পানির সাথে যোগাযোগ করা হয়। এক পর্যায়ে দেশখ্যাত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ অব কোম্পানি গ্রামীণ মানুষের পাশে দাড়ায়। এখন ফিংড়ি ইউনিয়নের গ্রামীণ মানুষের কাছ থেকে বাসক পাতা ক্রয় করে জার্মান প্রযুুক্তিতে সিরাপ তৈরি করছে তারা। প্রতিষ্ঠানটি গ্রামের মানুষের কাছ থেকে কাঁচা পাতা ৮ টাকা এবং শুকনা পাতা ৪০ টাকা দরে ক্রয় করছে।
সভায় আরও বলা হয়, ব্লু গোল্ড প্রোগ্রামের মূল উদ্দেশ্য পানির সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জলাবদ্ধতা দূর করে কৃষি ফসলের উৎপাদন বৃদ্ধি। ফসল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আয়বর্ধক হিসেবে বাসক পাতা চাষ করে পরিবারের দারিদ্র্য ঘুচাচ্ছে গ্রামের মানুষ।
সভায় ফিংড়ি ইউপি চেয়ারম্যান শামসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্লু গোল্ড প্রোগ্রামের টিম লিডার গাই জোনস, ডেপুটি টিম লিডার আলমগীর চৌধুরী, সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. নাসরিন আক্তার, স্কয়ার কোম্পানির কর্মকর্তা মওদুদ আহমেদ, ব্লু গোল্ড প্রোগ্রামের কো অর্ডিনেটর জয়নুল আবেদীন প্রমুখ।
আরও বক্তব্য রাখেন বাসক পাতা উৎপাদনকারী বিউটি খাতুন, হাফিজুল ইসলাম প্রমুখ।
