Sunday, 6 September 2026

মরা গাছে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে মৃত্যু ফাঁদ!

admin ঢাকা
আপডেট: 15 April 2019, 22:24

সাইফুল ইসলাম, সখিপুর (দেবহাটা): সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দু’ধারে অসংখ্য মরা শুকনো গাছ যেন মানুষ মরার ফাঁদে পরিণত হয়েছে। এসব মরা গাছের নীচ দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিনই চলাচল করছে পথচারীসহ যানবাহন। প্রায় সময় শুকনো ডাল ভেঙে দুর্ঘটনায় কবলিত হচ্ছে অনেকেই। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই গাছগুলোকে কেটে নেওয়া দাবি জানিয়েছে পথচারীদের।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের পুষ্পকাটি, কুলিয়া, পারুলিয়া, সখিপুর, ডেল্টা, উপজেলা হাসপাতাল সম্মুখে, সখিপুর কলেজ গেট সংলগ্ন, গাজীরহাট বাজার হাদিপুর, আস্কারপুরসহ বিভিন্ন স্থানে রাস্তার দু’পাশে বিভিন্ন প্রজাতির ছোট-বড় অসংখ্য মৃত গাছ শুকিয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে শুকিয়ে থাকা গাছগুলো কর্তৃপক্ষ অপসারণের কোনো উদ্যোগ গ্রহণ না করায় পথচারী ও যানবাহন চালকরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। কোন কোন জায়গায় মরা গাছের শুকনো ডাল ভেঙে ঝুলে আছে। মচকে থাকা শুকনো ডালগুলো যেকোনো মূহুর্তে নিচে পড়ে ঘটতে পারে বড় দুর্ঘটনা। এমনকি বেশকিছু গাছ সড়কের উপরে হেলে থাকতে দেখা গেছে।
এদিকে মরা ও আধা মরা গাছগুলো অপসারণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন জমা দিয়েছে গাজীরহাটের ব্যবসায়ীরা। আবেদনটিতে গাজীরহাট বাজার সংলগ্নে বেশ কয়েকটি পুরাতন ও বৃহত্তর শিশুগাছ শুকিয়ে গেছে, যা ঝড়-বৃষ্টিতে ডাল ভেঙে দোকানের উপরে পড়ে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতিসহ সড়কের উপরে পরে নিশ্চিত প্রাণনাশের ঘটনা ঘটতে পারে বলে দাবি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সড়কের উপরের এমন মরা ও শুকনো গাছ দ্রুত কেটে ফেলা প্রয়োজন। মরা গাছের ডালপালা প্রতিনিয়ত সড়কের উপর ভেঙে পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *