সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে বিদ্যুতায়িত হয়ে পূর্বকাদাকাটি গ্রামের সত্যরঞ্জন মন্ডল (৫৩) নামে এক স্কুল শিক্ষকের করুণ মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত হরিপদ মন্ডলের বড় ছেলে। সোমবার (১৫ এপ্রিল) সকালে স্থানীয় শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
পারিবারিক সূত্রে জানাগেছে, পূর্বকাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সত্যরঞ্জন মন্ডল ও তার স্ত্রী চায়না রানী রোববার (১৪ এপ্রিল) দুপুরে স্কুলের অদূরে তার নির্মাণাধীন ভবনে মটরে পানি দিচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে তারসহ পাশের পুকুরে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়।
এদিকে, অত্যন্ত সদালাপী ওই শিক্ষকের মৃত্যুর খবর শুনে একে একে ছুটে আসেন ইউনিয়নের চেয়ারম্যান দিপঙ্কর সরকার দীপ, কুল্যা ইউপি চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসরুরা খানম, ইউপি সদস্য সরস্বতী রানী, সঞ্জয় কুমার মন্ডল, স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ সমাজের সর্বস্তরের মানুষ। এসময় শিক্ষকের স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে পড়ে।
