কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে বসন্তপুর প্রিমিয়ার লীগের দ্বিতীয় আসরে আর বি আপ ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। এতে রানার্সআপ হয়েছে খেলায় তামিম ক্রিকেট একাদশ।
শনিবার বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বচিত উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।
এসময় প্রধান অতিথি বলেন, একটি দেশ ও জাতি তখনই খেলাধূলায় উন্নতি লাভ করতে পারে, যখন সে সংস্কৃতির প্রতি তার মূল্যবোধ জাগ্রত করবে। একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছাতে হলে ক্রীড়া ও সংস্কৃতিতে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, বিনোদন না থাকলে যেমন মনে প্রশান্তি আসে না, তেমনি খেলাধূলা না থাকলে দেহ ও মন প্রফুল্ল থাকে না। শারীরিক সুস্থতার জন্য খেলাধূলা যেমন অপরিহার্য তেমনি মনের প্রশান্তির জন্য সংস্কৃতিও অপরিহার্য। খেলাধূলা ও সংস্কৃতি একটি অপরটির পরিপূরক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, ইউপি সদস্য নূরুস সালাম গাইন প্রমুখ।
খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলের হাতে ১১ সেপ্টি ও রানার্সআপ দলের হাতে ৮ সেপ্টি ফ্রিজ পুরস্কার হিসেবে তুলে দেন।
