কালিগঞ্জ উপজেলার শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সহকারী শিক্ষক শিশির কুমার দত্তের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার দে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আ.ফ.ম লুতফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।
তিনি বলেন, সুস্থ সংস্কৃতি চর্চা মানুষকে উদারতা শেখায়, সবার সঙ্গে মিশতে শেখায়, সৃজনশীলতা তৈরি করে শিক্ষার্থীদের আনন্দে মাতিয়ে রাখে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার মতো কাজে তাদেরকে উজ্জীবিত করে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে এখন শুধু পড়া, পরীক্ষা আর অসুস্থ প্রতিযোগিতার মধ্যে হারিয়ে গেছে সংস্কৃতি চর্চা। শিক্ষাঙ্গনে একসময় সংস্কৃচি চর্চা ও খেলাধূলার সুযোগ ছিল অবারিত। শিক্ষার্থীরা ক্লাসে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত সংস্কৃতির নানা বিষয় ও খেলাধূলা চর্চা করতো। বিদ্যালয়ের পাঠাগারের বই পড়ার মাধ্যমেই শিক্ষার্থীদের মধ্যে সাহিত্য চর্চার অভ্যাস গড়ে উঠত। বই পড়ার সংস্কৃতি নিজের মধ্যে গভীরতা তৈরি করে, ভাবতে শেখায়। নিয়মিত চর্চার এক পর্যায়ে প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই বার্ষিক নাটক, আবৃত্তি, সঙ্গীত, বিতর্ক, অভিনয়, কিরাত প্রতিযোগিতা ইত্যাদি অনুষ্ঠিত হতো। হতো ক্রীড়া প্রতিযোগিতা। প্রকাশিত হতো বার্ষিক ম্যাগাজিন, দেয়াল-পত্রিকা। শিক্ষার্থীদের ক্রিয়েভিটি প্রকাশ পেত এগুলোতে অংশগ্রহণের মাধ্যমে। তাই ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে মনোনিবেশ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা আঃ রউফ, মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুদ্দীন আহমেদ, প্রাক্তন শিক্ষক আহম্মদ আলী, সাবেক প্রধান শিক্ষক আঃ রউফ। প্রেস বিজ্ঞপ্তি
