নকল নবীশদের চাকুরী রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি পেশ
ডেস্ক রিপোর্ট: নকল নবীশদের চাকুরী রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির কাছে স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার দুপুরে শহরের ইসু মিয়া সড়কস্থ মীর মহলে গিয়ে নেতৃবৃন্দ এই স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে বলা হয়েছে, আইন ও বিচার বিভাগ নিয়ন্ত্রণাধীন নিবন্ধন অধিদপ্তরের আওতাভুক্ত ৬১টি জেলা সদর মহাফেজখানাসহ ৫০৯টি সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত ১৫ হাজার এক্সট্রা মোহরার (নকল নবীশ) জনগণের রেজিস্ট্রিকৃত দলিল বালাম বহিতে লিপিবদ্ধ করে অবিনাশযোগ্য রেকর্ড গড়ে তোলে। অথচ তারা কোন সুযোগ সুবিধা পায় না। বাড়ি ভাড়া, চিকিৎসাভাতা, শিক্ষা ভাতা, সহায়ক ভাতা, পবিত্র ঈদে বোনাস, অন্যান্য উৎসব ভাতাসহ সরকারি যাবতীয় সুবিধা থেকে বঞ্চিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণাপন্ন হলে তিনি এক্সট্রা মোহরারদের চাকুরী স্থায়ী করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে অন্যান্য বিভাগের এক্সট্রা মোহরারদের স্থায়ী করা হলেও আজ অবধি রেজিস্ট্রেশন বিভাগের এক্সট্রা মোহরারদের চাকুরী স্থায়ী করা হয়নি।
স্মারকলিপিতে ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর ঘোষণা এবং ১৯৮৪ সালের ১৬ আগস্ট জননেত্রী শেখ হাসিনার সমর্থন এবং ১৯৮৭ সালে আইন মন্ত্রণালয়ের গঠিত কমিটির ১৬ (ক) সুপারিশমালার আলোকে এক্সট্রা মোহরারদের (নকল নবীশ) বর্তমানে জাতীয় বেতন স্কেলের আওতায় আনয়ন পূর্বক রাজস্ব খাতের ৩য় শ্রেণির কর্মচারীর মর্যাদা দিয়ে চাকুরী স্থায়ীকরণের দাবি জানানো হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহমেদ, শেখ জয়নাল আবেদীন খোকন, আমানুর রহমান, মাহমুদুল হাসান, এম.এ বাশারাত, লাভলু, আব্দুর রউফ, গোলজার, আমির হামজা, হাফিজুল, সুজয় মল্লিক প্রমুখ।

Leave a Reply