বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা: জলবায়ু পরিবর্তন হচ্ছে, পানির উৎসের প্রতি যত্নবান হতে হবে
ডেস্ক রিপোর্ট: ‘পানি সবার অধিকার, বাদ যাবে না কেউ আর’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস-২০১৯ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পনি উন্নয়ন বোর্ডের আয়োজনে এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মো আবুল খায়েরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘সারাবিশ্বে জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাই পানির উৎসস্থলের প্রতি যত্নবান ও নিরাপদ পানি সংস্থানের বিষয়টিতে গুরুত্ব দিতে হবে। পানি ব্যবস্থাপনার ওপর খাদ্য নিরাপত্তা অনেকাংশে নির্ভরশীল। কৃষি প্রধান বাংলাদেশে ফসল উৎপাদনে, সেচ কাজে পর্যাপ্ত পানি প্রাপ্তির নিশ্চয়তা বিধানের কোনো বিকল্প নেই। জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে কৃষি, শিল্পসহ সব ক্ষেত্রে ব্যবহারযোগ্য পানির প্রাপ্যতা নিশ্চিত করতে বর্তমান সরকার বিভিন্ন প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
তিনি বলেন, জীবন ও পরিবেশের মৌলিক উপাদান পানি। কৃষি, শিল্প, মৎস্য ও পশুপালন, নৌ-চলাচল, বনায়ন ও জীববৈচিত্র্য পানির ওপর নির্ভরশীল। কিন্তু ভূ-গর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার, উপকূলীয় এলাকার পানিতে লবণাক্ততা বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ ও শিল্পায়ন, মারাত্মক পরিবেশ দূষণ, পানি প্রবাহে কৃত্রিম বাধা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তন সুপেয় পানির উৎসকে ক্রমশ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।
সভায় পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রাশিদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান খান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আমিনুল ইসলাম ও পানি উন্নয়ন বোর্ড জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মহিউদ্দিন।
মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উত্তরণ’র পরিচালক মো. শহিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুশীলন’র সহকারী পরিচালক জি.এম মনিরুজ্জামান, পৌরসভার প্রকৌশলী সেলিম সরোয়ার, পানি উন্নয়ন বোর্ড সিবি’এ’র সভাপতি শেখ নুরুল্লাহ, সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।

Leave a Reply