যাত্রীবাহী বাসের চাকা খুলে মাছের ঘেরে, আহত ৮
আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা-আশাশুনি সড়কের চাপড়ায় একটি যাত্রীবাহী মিনিবাসের চাকা খুলে মাছের ঘেরে উল্টে পড়ে কমপক্ষে ৮ জন আহত হয়েছে।
আহতদের আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১০ এপ্রিল) বেলা দেড়টায়।
স্থানীয়রা জানান, বাসটি যাত্রীবহনে টোটাল আনফিট ছিলো। বাসের নিচের অংশের বিভিন্ন স্থানে জোড়াতালি দিয়ে কোন রকমে চলছে। এসব গাড়ী রাস্তায় অতিরিক্ত যাত্রীবহন করার ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে।
ওই বাসের যাত্রী বাঁকা গ্রামের জনৈক অখিল দত্ত জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ৩৫ সিটের যাত্রীবাহী মিনিবাসটি (খুলনা-ব ৮৫২) প্রায় ৬০-৭০ জন যাত্রী নিয়ে দ্রুত গতিতে বুধহাটা ইউনিয়নের চিলেডাঙ্গা মোড় পেরিয়ে চাপড়া গ্রামে ঢোকার পথে হঠাৎ বাসের ডান চাকা খুলে যায়। এরপর বাসটি ডানদিকে পশ্চিম পাশে জনৈক শাহীনুরের মাছের ঘেরে গিয়ে উল্টে পড়ে। পাশ্ববর্তী চাপড়া গ্রামের লোকজন এসে দুর্ঘটনা কবলিত বাস থেকে যাত্রীদের উদ্ধার করেন। এর মধ্যে গুরুতর আহতদের আশাশুনি হাসপাতালে ও পার্শ্ববর্তী ক্লিনিকে নেয়া হয়েছে।
খবর পেয়ে আশাশুনি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসটি হেফাজতে নেয়। তবে পালিয়ে যায় বাস ড্রাইভার সাতক্ষীরা সদরের আব্দুস সবুর।
বাসের আরেক যাত্রী স্কুল শিক্ষিকা সুমিতা চৌধুরী জানান, তিনি বুধহাটা থেকে স্কুলের কাজে আশাশুনি অফিসে যাওয়ার পথিমধ্যে বাসটি উল্টে যায়। তিনি সামান্য আহত হয়েছেন এবং তার জরুরী কাগজপত্র ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Leave a Reply