দেবহাটায় মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ সংবাদ সম্মেলন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মামলা তুলে নিতে হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) সকাল ১০টায় দেবাহাটা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ঢেপুখালি গ্রামের বায়েজিদ হোসেনের স্ত্রী ও মুক্তিযোদ্ধা সন্তান সাজিদা বেগম এই সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে সাজিদা বেগম জানান, গত ৪ মার্চ গাজীরহাট বাজারে আমার স্বামীকে একা পেয়ে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারপিট করে ঢেপুখালি গ্রামের ফয়জুল ইসলামের ছেলে আল-মামুন, মৃত এলাই সরদারের ছেলে ফয়জুল ইসলাম ও জগন্নাথপুর গ্রাামের কালু সরদারের ছেলে শফিকুল ইসলাম। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারী পালিয়ে যায়। পরে স্থানীরাই আমার স্বামীকে উদ্ধার করে সখিপুর হাসপাতালের ১৪নং পুরুষ ওয়ার্ডে ভর্তি করে। আমি খবর পেয়ে হাসপাতালে ছুটে যায়। পরবর্তীতে আমি বাদী হয়ে দেবহাটা থানায় এজাহার দায়ের করি। দেবহাটা থানা পুলিশ বিষয়টি তদন্ত পূর্বক সত্যতা প্রমাণ পেয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা রেকর্ড করে। সম্প্রতি আসামিরা মামলা তুলে নিতে ভয়ভীতি প্রদর্শন করে আমাদের নিরাপত্তাহীনতায় ফেলেছে। এমনকি তারা আমাদের হয়রানি করতে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তাছাড়া ফয়জুল ইসলাম দীর্ঘদিন এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। তার বিরুদ্ধে ইতোপূর্বে সাধারণ মানুষের সরকারি পানির প্লান্ট দখল করে ব্যক্তি স্বার্থে ব্যবহার করার অভিযোগ আছে। স্থানীয়দের সাথে আমরা সরকারি সম্পদ রক্ষার জন্য বাদী হওয়ায় দীর্ঘদিন ধরে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে। আমরা ও সাধারণ মানুষ ফয়জুল এবং তার বাহিনীর অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে চাই।
সংবাদ সম্মেলনে তিনি ফয়জুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply