রাইয়ান সাকিল: সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সিবি হসপিটাল ১ম বিভাগ ক্রিকেট লীগের দ্বিতীয় সেমিফাইনালে মুন্সীপাড়া যুব সংঘকে ৪ উইকেটে হারিয়ে ইউনুছ আলী স্মৃতি সংসদ ফাইনালে উঠেছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্বান্ত নেয় মুন্সীপাড়া যুব সংঘ। শুরুতেই ধাক্কা খায় তারা। মেহেদির বলে ক্যাচ আউট হয়ে শূন্য রানে ফেরেন ওপেনার নজরুল। এরপর মুন্সীপাড়া শিবিড়ে আঘাত হানেন ইমতিয়াজ। ব্যক্তিগত ৯ রানে রনি বোল্ড করেন তাকে। এই দুই উইকেট নিয়ে শুরুতেই মুন্সীপাড়াকে দারুণভাবে চেপে ধরে ইউনুছ আলীর বোলাররা। এদিকে বোলারদের চাপ সামলে ব্যাট করতে থাকেন আলিম ও সাব্বির জুটি। পঞ্চম উইকেটে বড় সংগ্রহের পথে দলকে নিয়ে যায় আলিম। কিন্তু ব্যক্তিগত ৩৬ রান করে বিদায় নেন তিনি। আলিম আউট হলে মেহেদি ও নিশাতের বোলিং তোপে আর কোন ব্যাটসম্যানই ক্রিজে দাঁড়াতে পারেনি। ফলে মাত্র ১৪৩ রানে গুটিয়ে যায় মুন্সীপাড়া যুব সংঘ। মুন্সীপাড়া যুব সংঘের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন আলিম। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে নাজমুলের ব্যাট থেকে। ইউনুছ আলী স্মৃতি সংসদের হয়ে ১০ ওভার বল করে ৩৭ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন মেহেদি হাসান অনি। এছাড়া ইমতিয়াজ ও নিশাত ২টি করে উইকেট নিয়েছেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে ইউনুছ আলী স্মৃতি সংসদের রবিউল ও বেলাল জুটি। এই জুটি থেকে আসে ৪২ রান। ৬ ওভারেই এই রান তোলে তারা। ওপেনার বেলালের আউট দিয়ে ইউনুছ আলী স্মৃতি সংসদের প্রথম উইকেটের পতন ঘটে। এরপর ক্রিজে নামেন রাসেল। অন্য প্রান্তে থাকা রবিউলকে নিয়ে ধীরগতির ব্যাটিং প্রদশর্নী দেন এই ব্যাটসম্যান। কিন্তু শুরুর ঝড় অব্যাহত রাখেন দলের আরেক ওপেনার রবিউল। অপরদিকে ব্যাটিং ঝড় থামিয়ে উইকেট শিকার করতে থাকে মুন্সীপাড়ার বোলাররা। শেষ পর্যন্ত ১২১ বল ও ৪ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ইউনুছ আলী স্মৃতি সংসদ। এই জয়ের মধ্যদিয়েই তারা ফাইনালে উন্নীত হয়।
ইউনুছ আলী স্মৃতি সংসদের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন রবিউল। খেলায় আম্পায়ার ছিলেন কাজী ফরহাদ, আবু হাসান বাবলু ও স্কোরার ইসরাইল হোসেন।
লীগের ফাইনাল ম্যাচে সেতু বন্ধন ক্লাবের বিপক্ষে মাঠে নামবে ইউনুছ আলী স্মৃতি সংসদ।
