সমীর রায়, আশাশুনি: প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ধনী-গরীব সকলের গৃহে আলোর ব্যবস্থা নিশ্চিত করতে আশাশুনিতে প্রায় কোটি টাকার সোলার সিস্টেম বসছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় উপজেলায় ৯৮ লক্ষ ৬৭ হাজার টাকা ব্যয়ে হোম সোলার সিস্টেম ও স্ট্রিট লাইট সরবরাহ ও স্থাপন করা হচ্ছে।
ইডকল কর্তৃক মনোনীত প্রতিষ্ঠান ‘সৃজনী বাংলাদেশ’ নামের একটি সোলার কোম্পানি ৭৬টি প্রজেক্টের অধীন ৫৭১ পরিবার, প্রতিষ্ঠান বা রোডে সোলার সিস্টেম ও স্ট্রিট লাইট স্থাপনের কাজ করছে।
পিআইও অফিস সূত্রে জানাগেছে, টিআর জেনারেল কর্মসূচির আওতায় ২১টি প্রকল্পে ১৫৬টি হোম সোলার সিস্টেম ও স্ট্রিট লাইট স্থাপনে ২৮ লক্ষ ৬৪ হাজার ৭০ টাকা, কাবিটা (জেনারেল) কর্মসূচির আওতায় ১৩টি প্রকল্পে ১৫২টি হোম সোলার সিস্টেম ও স্ট্রিট লাইট স্থাপনে ৩৭ লক্ষ ৩৭ হাজার ১৭৭ টাকা, টিআর প্রকল্পের আওতায় ২৫টি প্রকল্পে ১০৩টি হোম সোলার সিস্টেম ও স্ট্রিট লাইট স্থাপনে ২৮ লক্ষ ৩৯ হাজার ১১৩ টাকা, কাবিটা প্রকল্পের আওতায় ৫টি প্রজেক্টে ১৪৮টি হোম সোলার সিস্টেম ও স্ট্রিট লাইট স্থাপনে ৩১ লক্ষ ১৫ হাজার ৪২০ টাকা এবং জেলা প্রশাসক মহোদয়ের অনুকূলে ১২টি হোম সোলার সিস্টেম ও স্ট্রিট লাইট স্থাপনে ৪ লক্ষ ২৬ হাজার ২৩০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সোলার সিস্টেম ও স্ট্রিট লাইটগুলো স্থাপিত হলে উপজেলার সুফলভোগী বিদ্যুৎ বঞ্চিত পরিবার ও গুরুত্বপূর্ণ স্থানে রাতে আলোর সমস্যা দূর হয়ে যাবে।
