কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগরে বাল্য বিবাহ বন্ধের প্রচারাভিযানের অংশ হিসেবে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টায় ইউএসআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম ‘নবযাত্রা’ প্রকল্পের বাস্তবায়নে কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘১৮’র আগে বিয়ে নয়’ স্লোগানে এই অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং জেন্ডার অর্গানাইজার মমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্যামলী রাণী অধিকারী।
প্রধান অতিথি শ্যামলী রাণী অধিকারী বলেন, আমরা জানি ১৮ বছরের আগে মেয়েকে আর ২১ বছরের আগে ছেলেকে বিয়ে দেওয়াকে বাল্য বিবাহ বলে। আমরা এটাও জানি বাল্য বিবাহ দিলে মানসিক এবং মেয়েদের বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হয়- কারণ তারা অপ্রাপ্ত বয়স্ক। তারপরও আমরা বাল্যবিবাহ দিয়ে সুন্দর সুন্দর জীবনগুলো নষ্ট করে ফেলছি। আর এর প্রধান কারণ হচ্ছে আমাদের অসচেতনতা। আমরা সব জানার পরও সচেতন হচ্ছি না। তাই আসুন আমরা সকলে সচেতন হই এবং বাল্য বিবাহ বন্ধ করি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, গোলাম মোস্তাফা, জামাল উদ্দিন, মো. আশরাফ হোসেন, ইমাম, লুৎফুন্নেছা, নাজিম বাহার, দিপঙ্কর কুমার, দেবদাস কুমার, প্রশান্ত কুমার ও হাবিবুর রহমান।
সভাপতির বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য অভিশাপ। এ অভিশাপের কবলে পড়ে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা মেয়ে সন্তানদের শিক্ষিত করে তোলেন, তারা পরিবারের সম্পদ হয়ে উঠবে। মেয়েরা বোঝা নয়, তারা আমাদের সম্পদ। তাদের গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। আসুন আমরা বাল্যবিবাহকে না বলি এবং আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যত গড়ি।
