আদালতের রায় গোপন করে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন
ডেস্ক রিপোর্ট: দিলারা আহমেদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতের রায় গোপন করে প্রতারণার অভিযোগ উঠেছে। রোববার সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শহরের পলাশপোলের আসাুদজ্জামানের ছেলে শেখ মনজুরুজ্জামান এই অভিযোগ করেন।
এ সময় তিনি বলেন, আমার স্ত্রী কামরুন্নাহার লাবসা মৌজার ৩৩ শতকের মধ্যে ৬ শতক জমি ৫৩৮৩ নম্বর রেজিস্ট্রি দলিল মূলে দিলারা আহমেদের কাছে থেকে ক্রয় করেন। একই দাগে দিলারার বোন রেহানার কাছ থেকে আমি ক্রয় করি আরও ৫ শতক জমি।
তিনি আরও বলেন, আমার স্ত্রীর ক্রয়কৃত জমিতে দিলারার বসত বাড়ি থাকায় তিনি ভাড়াটিয়া হিসাবে বাস করতে থাকেন। বেশ কয়েক বছর নিয়মিত ভাড়াও দিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ ভাড়া দেওয়া বন্ধ করায় আমার স্ত্রী ভাড়াটিয়া উচ্ছেদের জন্য এসসিসি আদালতে দিলারার বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় গত ২৩.০৮.১১ তারিখে দিলারার বিরুদ্ধে ডিক্রি হয়। কিন্তু দিলারা আহমেদ হাইকোর্টে রিভিশন মামলা করেন। ২০১৩ সালের ২৯ এপ্রিল সে মামলা নামঞ্জুর হয়ে যায়’।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, পরবর্তীতে উচ্ছেদের মামলায় আদালত দিলারাকে বাড়ির মালামাল আমার স্ত্রীকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিলেও দিলারা আহমেদ তা অমান্য করেন। পরে আদালতের নির্দেশে মাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ দিলারাকে উচ্ছেদ করে আমার স্ত্রী কামরুন্নাহারকে দখল বুঝিয়ে দেয়।
সংবাদ সম্মেলনে শেখ মনজুরুজ্জামান আরও বলেন, এসব প্রক্রিয়ার সাথে বিন্দুমাত্র জালিয়াতির সম্পর্ক নেই। দিলারা আহমেদ আদালতের রায় গোপন করে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতারণা করেছেন। আদালতের নির্দেশনার সাথে আলিম নামে কারও সম্পর্ক নেই। আলিম নামে আমার কোনো ভায়রা ভাইও নেই। দিলারা আহমেদ এসব বিষয় নিয়ে মিথ্যাচার করেছেন বলে উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মো. আবদুল মজিদ, আবু তৈয়ব পান্না ও আহমেদ মুন্সি প্রমুখ।

Leave a Reply