কালিগঞ্জ প্রতিনিধি: দু’দিন হরতাল ও সড়ক অবরোধের পর স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের হস্তক্ষেপে কালিগঞ্জে হরতালসহ যাবতীয় কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। একই সাথে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী তার কর্মী সমর্থকদের নিয়ে সমাবেশ করে শান্তির আহ্বান জানানোয় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি শেখ মেহেদী হাসান সুমন জানান, উপজেলা নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর কর্মী-সমর্থকদের দ্বারা বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় দখল, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজ উদ্দীনের উপর হামলা, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পাল বাচ্চুকে মারপিট, কুশুলিয়ায় একটি পরিবারে নারীসহ সকলের উপর হামলা, স্থানীয় একটি মসজিদের ইমামকে মারপিট, বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন সহিংসতামূলক কার্যক্রম চলতে থাকে। এর জের ধরে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। এক পর্যায়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আলোচনার ভিত্তিতে হরতাল ও সড়ক অবরোধের মতো কর্মসূচি দিতে বাধ্য হয়। দু’দিনের হরতাল অবরোধে জনজীবনে ভোগান্তি নেমে আসায় জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা-৩ আসনের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার এর নির্দেশনার ভিত্তিতে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ শনিবার বেলা ১১টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জরুরি সভায় মিলিত হন। সভায় দু’জন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের শীর্ষ দু’নেতার আহ্বানে সাড়া দিয়ে হরতাল প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।
নির্বাচন পরবর্তী সময়ে সংঘটিত সহিংস কার্যক্রমের সুষ্ঠু সমাধান না হলে পরবর্তীতে আবারও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।
