চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুলের বালাপোতায় বাবা তারকনাথ ধামে উৎসবমুখর পরিবেশে ৪০তম শিবলীলা মহোৎসব শুরু হয়েছে।
শনিবার (৩০ মার্চ) শ্রী শ্রী বাবা তারকনাথ ধাম মন্দির কমিটির আয়োজনে অশুভ শক্তির সংহার, সত্য সুন্দর শিব বন্দনায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সন্নাসীদের আগমনে এক মহা মিলন মেলায় পরিণত হয় বালাপোতা।
তারকনাথ ধাম মন্দির কমিটির সার্বিক ব্যবস্থাপনায় শ্রী শ্রী ডাকাতি কালিমাতা মন্দির শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির, রাধাঁগোবিন্দ মন্দির, শ্রী শ্রী গঙ্গা মায়ের মন্দির প্রাঙ্গণে ৬ দিনব্যাপী এই শিবলীলা মহোৎসব শুরু হয়েছে।
‘একবার বাবার নাম করে যেই জন, সর্ব পাপ মুক্ত হয় ব্যাসের বচন’ ধর্মীয় এই শ্লোককে সামনে রেখে আয়োজন করা হয়েছে এই শিবলীলার।
এবছর অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে ৯ এপ্রিল মঙ্গলবার শ্রী শ্রী ডাকাতি কালীপূজা, ১০ এপ্রিল বুধবার অন্নভোগ, ১১ এপ্রিল বৃহস্পতিবার মহা-হবিষ্য, ১২ এপ্রিল শুক্রবার কাঁটাঝাপ, ১৩ এপ্রিল শনিবার লীলাবতির বিবাহ ও সন্ধ্যায় নীলবাতিদান, ১৪ এপ্রিল রবিবার ছাতু ভোগ।
বালাপোতা বাবা তারকনাথ ধাম পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক দিলীপ কুমার সরকার ও সাধারণ সম্পাদক শিক্ষক সুব্রত সরকার জানান, এবছরও ধামে বাবার মাথায় জল দেওয়ার জন্য সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে লক্ষাধিক সন্ন্যাসী ও ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছে। সামনের দিনগুলোতে ব্যাপক মানুষের সমাগম ঘটবে বলে আশা করছি।
