ডেস্ক রিপোর্ট: তালা উপজেলা পরিষদ নির্বাচনের ব্যালট যাচাই বাছাই ও ভোট পুনঃগণনার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়াদ্দার এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, ২৪ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও খেশরা ইউপির দুই বারের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য এমএম ফজলুল হক। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় নির্বাচন শেষে উপজেলা নির্বাচন অফিসার অপূর্ব কুমার বিশ্বাস তার অধীনস্থ কর্তকর্তাদের যোগসাজসে ব্যাপক অনিয়ম ও কারচুপির মাধমে অধিকাংশ কেন্দ্রের ফলাফল শিট না আসার পূর্বেই ফজলুল হকের প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী ঘোষ সনৎ কুমারকে বিজয়ী ঘোষণা করেন।
তিনি বলেন, যখন ৪৮ কেন্দ্রের ফলাফলে আনারস প্রতীকের প্রার্থী ৭ হাজার ভোটে এগিয়ে ঠিক তখনই হঠাৎ করেই কন্ট্রোল রুম থেকে নৌকা প্রতীকের প্রার্থী ঘোষ সনৎ কুমারকে বিজয়ী ঘোষণা করা হয়। এমনকি এ সময় আনারস প্রতীকের নির্বাচনী এজেন্টদের কাছ থেকে কন্ট্রোল রুম থেকে কোন ধরনের স্বাক্ষর নেয়া হয়নি। যা নির্বাচনী আচরণ পরিপন্থী ও মুক্তিযোদ্ধাদের জন্য অপমানকর। এছাড়া তালা উপজেলার ৯৩টি কেন্দ্রের মধ্যে কমপক্ষে ৩০টি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার কর্তৃক ভোটের ফলাফলে ব্যাপক কারচুপি করা হয়েছে। যা খুবই দুঃখজনক। তিনি আরো বলেন, সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ভোটের যে ফলাফল দেয়া হয়েছে সেটাও প্রশ্নবিদ্ধ। উক্ত ফলাফলে ভাইস চেয়ারম্যান পদে ২,৭২৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪,৩২৭ ভোট বাতিল দেখানো হলেও চেয়ারম্যান পদে মাত্র ১,৬৪৪ ভোট বাতিল দেখানো হয়েছে। যা পুনঃগণনা করলে আসল রহস্য বেরিয়ে আসবে।
এমতাবস্থায় নির্বাচনের ফলাফল, ব্যালট যাছাই বাছাই ও ভোট পুনঃগণনা দাবিতে তিনি প্রধান নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সাথে বিষয়টি খতিয়ে দেখার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সহকারী রিটার্নিং অফিসারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা মোস্তফা গোলদার, শাহাবুদ্দীন শেখ, রইছ উদ্দীন, মোহাম্মদ আলী, সোহরাব হোসেন, নজির উদ্দীনসহ ১৪ জন মুক্তিযোদ্ধা।
