সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও দুদিনব্যাপী প্রদর্শনী সমাপ্ত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) উপজেলা পরিষদের সভাকক্ষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই প্রদর্শনী শেষ হয়। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (২৮ মার্চ) সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
সেমিনারে বায়োগ্যাস প্রযুক্তি, সৌর ড্রায়ারের মাধ্যমে খাদ্য সংরক্ষণ প্রযুক্তি, নিম ও অন্যান্য ঔষধি উদ্ভিদের গুনাগুণসহ টিস্যু কালচারের মাধ্যমে চারা উৎপাদন পদ্ধতি এবং রোগমুক্ত বীজ আলু উৎপাদন পদ্ধতি ও ব্যবহার এবং প্রক্রিয়াজাত দীর্ঘস্থায়ী বাঁশ সম্পর্কে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিসিএসআইআর ঢাকার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জন লিটন মুন্সি, বৈজ্ঞানিক কর্মকর্তা শাফকাত মাহমুদ, ল্যাব এটেনডেন্ট এবিএম শাহজালাল, ড. সেলিম খান, শিল্প গবেষণা পরিষদের বৈজ্ঞানিক কর্মকর্তা গোলাম মোস্তফা। সভা শেষে প্রদর্শনীতে অংশ নেওয়া ১২টি স্টলের মধ্যে মাধ্যমিক শিক্ষা অফিসের স্টলকে ১ম, বিসিএসআর সায়েন্স ল্যাবরেটরির স্টল ২য় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টলকে ৩য় স্থান অধিকারী হিসাবে নির্বাচন ও পুরস্কার বিতরণ করা হয়।
