Sunday, 6 September 2026

পরিবেশের ভারসাম্য বজায় রেখেই আমাদের প্রযুক্তি নির্ভর হতে হবে: এসএম মোস্তফা কামাল

admin ঢাকা
আপডেট: 28 March 2019, 21:31

সমীর রায়, আশাশুনি: সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন, যুগের সাথে তাল মিলিয়ে আমাদের প্রযুক্তি নির্ভর হতে হবে। তবে অবশ্যই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমাদের দেশ। পরিবেশের সুরক্ষা নিশ্চিত না হলে অচিরেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই প্রধানমন্ত্রী ঘোষিত টেকসই উন্নয়নের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় আশাশুনি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শহরের সকল সুযোগ সুবিধা প্রতিটি গ্রামে পৌঁছে দিতে ‘আমার গ্রাম আমার শহর’ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।
বাংলাদেশের উন্নয়ন বিশ্বের কাছে একটি রোল মডেল। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে দুর্নীতিকে পরিহার করে প্রত্যেককে যার যার অবস্থান থেকে দেশ সেবা করে যেতে হবে বলেও জানান তিনি।
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের উপস্থাপনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিএসআইআর ঢাকা’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জন লিটন মুন্সী, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিব, আরডিও বিশ্বজিত ঘোষ প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসক শিক্ষিত প্রতিবন্ধী কেয়ারগাতি গ্রামের খায়রুল ইসলামকে পুনর্বাসনের জন্য ১০ হাজার টাকার চেক প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *