কলারোয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক ভেঙে ফেলার অভিযোগ, গ্রেফতার ১
ডেস্ক রিপোর্ট: নির্বাচন পরবর্তী সহিংসতায় কলারোয়ার মুুক্তিযোদ্ধা কমান্ডারের বাড়ির মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক ভেঙে ফেলেছে প্রতিপক্ষ। সোমবার সকালে কলারোয়া উপজেলার কাজীরহাট বহুড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার কমান্ডারের বাড়ির এই স্মৃতি ফলক ভেঙে দেয় তারা। পুলিশ এ ঘটনায় একই এলাকার মোবারকের ছেলে উপজেলা নির্বাচনে বিজয়ী আনারস প্রতীকের সমর্থক ওলিয়ার রহমানকে গ্রেফতার করেছে।
মুক্তিযোদ্ধা আব্দুল গফফারের ছেলে জাহাঙ্গীর হোসেন লিটন জানান, ২৪ মার্চ কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের জয় নিশ্চিতের পর নৌকা প্রতীকে কাজ করার অভিযোগে ওই দিন সন্ধ্যায় এলাকার চিহ্নিত রাজাকার আব্দুর রাজ্জাকের ছেলে শফির নেতৃত্বে তার ভাই সোহরাব, মোবারকের ছেলে রিপন, ওলিয়ার, তাছের আলীর ছেলে হাবিবুর রহমান, লুৎফুর রহমানের ছেলে লিটন ও জয়নুদ্দিনের ছেলে জালালসহ ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ বাহিনী তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় পুরুষরা সকলেই বাড়ির বাইরে থাকায় তারা বাড়ির মহিলাদের লাটিসোটা দিয়ে বেদম মারপিট করে। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা চলে যায়। এতে আহতদের স্থানীয়রা উদ্ধার কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থার অবনতি হওয়ায় আহতদের কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। পরদিন সোমবার সকালে লিটন বাড়িতে গেলে উল্লিখিত ব্যক্তিরা তার উপর হামলা চালায়। এছাড়া তার বাড়িতে থাকা মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকটি ভেঙে গুড়িয়ে দেয়। এঘটনায় মুক্তিযোদ্ধা আব্দুল গফফার বাদী কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলা আমলে নিয়ে ওলিয়ার রহমানকে গ্রেফতার করেছে। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply