পুকুরে গোমূত্র, মাছের মৃত্যু!
ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা গ্রামে পুকুরে গোমূত্র ফেলে হাজার হাজার টাকার মাছ বিনষ্ট করা হয়েছে। সূত্র জানায়, সোমবার (২৫ মার্চ) ব্যাংদহা গ্রামের মৃত ফনিভূষণ দাশের ছেলে বিধান চন্দ্র দাশের পুকুরে প্রতিবেশী মৃত রাধাপদ কর্মকারের ছেলে গোপাল কর্মকার ও গৌতম কর্মকার তাদের গোয়াল ঘরের প্রতিদিনকার গোমূত্র ফেলে কয়েক হাজার টাকার মাছ বিনষ্ট করেছেন।
এলাকাবাসী জানান, বিধান চন্দ্র দাশ তাদের কয়েক বার গোয়াল ঘরের গোমূত্র পুকুরে ফেলতে নিষেধ করেন। কিন্তু গোপাল ও গৌতম তার বাধা উপেক্ষা করে কাজ চালিয়ে যেতে থাকে। বিধান কোন উপায় না পেয়ে ফিংড়ী ৭নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ জাকিরুল হককে বিষয়টি অবহিত করেন। ইউপি সদস্য নিজে ঘটনাস্থলে গিয়ে গোপাল এবং গৌতমকে গোমূত্র ফেলতে নিষেধ করেন। তারা ইউপি সদস্যের কথা অমান্য করে যথারীতি গোমূত্র ফেলতে থাকেন।
এতে তার পুকুরের কয়েক হাজার টাকার মাছ মরে ভেসে ওঠে।
বিধানের দাবি, গোপালের দ্বারা যেন আর কোন মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। সেজন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply