এমএ জলিলের একক চিত্র প্রদর্শনীতে জীবনের ছোয়া
গাজী আসাদ: একটি নদীর উপর বাঁশের তৈরী সাকো দিয়ে পার হচ্ছে কিছু মানুষ। কেউ পার হচ্ছে বাইসাইকেল কাঁধে নিয়ে। কেউ পার হচ্ছে মাথায় সবজির ঝুড়ি আর বস্তা নিয়ে। এক নারী পার হচ্ছে তার ছোট সন্তানকে সাথে নিয়ে। এছাড়া ছোট আরেকটি শিশুটি তার মায়ের হাত ধরে পার হচ্ছে। সাকোর এই ছবিটির মাধ্যমে আবহমান গ্রাম বাংলা ও মানুষের দুর্ভোগের চিত্র ফুটিয়ে তুলেছেন চিত্র শিল্পী এমএ জলিল।
রং, জল ও তুলির পরশে শুধু গ্রামীণ জীবন নয়, তার আঁকা ৩২টি ছবিতে ফুটে উঠেছে লড়াই, নারীর প্রকৃতি, সম্পর্ক, সহিংসতা, অনুভূতি, সন্ধ্যা প্রলয়, অশ্রুভেজা জিজ্ঞাসা, অজানা গন্তব্য, ত্রয়ী, ভূইরোয়া, বহুরূপী, বজ্র, বিজয়, আলোর খোঁজ, স্বপ্ন, জীবন ও প্রকৃতি, অবসর, জাল, সিংহ ও রমনী, বন্ধনী নারী, সাথী, বিশ্বাস, অন্ধকারের কাব্য, নারী ও প্রেম। যেখানে প্রত্যেকটি ছবিতে তার মনের রং দিয়ে তুলির আঁচড়ে তুলে এনেছেন সমাজ, প্রকৃতি ও বাস্তবতার চিত্র।
সাতক্ষীরা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সোমবার (২৫ মার্চ) থেকে শুরু হওয়া বিশিষ্ট চিত্রশিল্পী এমএ জলিলের একক চিত্র প্রদর্শনী ‘ঈষিকা’র অর্কেস্ট্রা-৩’ এ এই ছবিগুলো স্থান পেয়েছে।
চিত্র প্রদর্শনীতে বিকাল থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুরা ভীড় জমায়। সবাই ঘুরে ঘুরে প্রতিটি ছবিই দেখেন মুগ্ধ হয়ে।
সন্ধ্যায় পাঁচ দিনব্যাপী এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। এসময় উপস্থিত ছিলেন, চিত্রশিল্পী আব্দুল জলিল, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ নিমাই চন্দ্র মন্ডল, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন, কবি শুভ্র আহমেদ, কবি সম তুহিন প্রমুখ।
২৯ মার্চ পর্যন্ত এই চিত্র প্রর্দশনী চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। দর্শনার্থীরা পছন্দমত ছবিও কিনতে পারবেন প্রদর্শনী থেকে।

Leave a Reply