ঢাকাFriday , 22 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় নৌকা একা, আনারসে আ’লীগ

admin
March 22, 2019 11:15 pm
Link Copied!

মীর খায়রুল আলম, দেবহাটা: দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিরা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ১৪ প্রার্থী। নিজেদের জয় নিশ্চিত করতে অবিরাম প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। এরই মধ্যে উপজেলার ভোট কেন্দ্রগুলোর সামনে এবং বিভিন্ন প্রান্তে ব্যানার পোস্টারে ছেয়ে দিয়েছেন প্রার্থীরা। বৃষ্টিতে অনেক স্থানে পোস্টার ছিড়ে শুধু সুতা ঝুলছে। তার পরেও থেমে নেই প্রচার প্রচারণা। প্রার্থী ও তার সমর্থকরা ভোটারদের কাছে ধর্ণা দিয়ে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। যদিও সংশয়ে রয়েছেন ভোটাররা। তারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যেতে পারবেন কি না- এমন শংকা ভর করছে তাদের উপর।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানান গেছে, উপজেলার ৫টি ইউনিয়নে মোট ভোটার ৯৭ হাজার ৮২৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ২১২ এবং নারী ভোটার ৪৮ হাজার ৬১৬জন। ভোট গ্রহণে ইতোমধ্যে ৫টি ইউনিয়নের ৪০টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস জানায়, ৫ম দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ৫ জন প্রার্থী। এরা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি (নৌকা), উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মাহাবুব আলম খোকন (ঘোড়া), সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাড. স.ম গোলাম মোস্তফা (আনারস), সাবেক উপজেলা চেয়াম্যানের পছেলে সাঈদ মাহফুজুর রহমান (মোটরসাইকেল) এবং ন্যাশনাল পিপলস পার্টির ওজিহার রহমান (আম)।
এদিকে, ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৫ জন প্রার্থী। এরা হলেন- উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান মিন্নুর (উড়োজাহাজ), উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি (টিউওয়েল), উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল (চশমা), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান সবুজ (তালা) এবং ন্যাশনাল পিপলস পার্টির রিয়াজুল ইসলাম (আম)।
অন্যদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৪জন প্রার্থী। এরা হলেন, বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন (ফুটবল), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আমেনা রহমান (পদ্মা ফুল), সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য প্রিয়াংকা রানী (প্রজাপতি) এবং নাট্য পরিচালকের স্ত্রী জি.এম স্পর্শ (কলস)।
স্থানীয় নির্বাচন বিশ্লেষকরা জানান, এবারের নির্বাচনে চেয়ারম্যান পদের পাঁচ প্রার্থীর মধ্যে নৌকা ও আনারস প্রতীকের প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি। তিনি পূর্বে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করেছেন। তবে তিনি পূর্বে জাসদ, জাতীয়পার্টি পরবর্তী সময় ২০০৩ সালের পর আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। বর্তমানে জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্বপালন করছেন। পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জয়ের আশায় ভোটারদের মন জয় করতে কাজ করছেন তিনি।
অন্যদিকে, নৌকা প্রতীকের বিরোধী প্রার্থী হিসাবে মাঠে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. গোলাম মোস্তফা। নৌকার বিরোধীতা করলেও তার সাথে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ শীর্ষ নেতৃবৃন্দ ও ৫ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা। সে কারণেই অনেকটা জয়ের স্বপ্ন দেখছেন তিনিও।
নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল গণি বলেন, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আশা করি এবারের নির্বাচনে মানুষ উৎসাহের সাথে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে।
ঘোড়া প্রতীকের প্রার্থী মাহাবুব আলম খোকন বলেন, এখনো পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভাল। এমন পরিবেশ থাকলে মানুষের ভোটে নীরব বিপ্লব ঘটবে।
আনারস প্রতীকের প্রার্থী স.ম গোলাম মোস্তফা বলেন, আমার ফিল্ড ভাল। সুষ্ঠু ভোট হলে মানুষ তাদের পছন্দের প্রার্থী হিসেবে আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে।
মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সাঈদ মাহফুজুর রহমান বলেন, আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু ভোটের পরিবেশ আশা করি। কারণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট হলে ইনশাল্লাহ আমার জয় হবে।
আম প্রতীকের প্রার্থী ওজিহার রহমান বলেন, আমি প্রচারণায় কোন বাধা পায়নি। ভোট ভাল হলে আমি জিতবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।