তালা প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে তালায় আইন শৃংখলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) বিকালে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (তালা সার্কেল) অপু সরোয়ার, তালা থানার অফিসার (ওসি) মেহেদী রাসেল।
উপজেলা কৃষি সম্প্রারণ অফিসার শ্রভ্রাংকর শেখর দাসের পরিচালনায় বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার, পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি নারায়ণ চন্দ্র মজুমদার, উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা তাওহীদুর রহমান প্রমুখ।
এ সময় প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান বলেন, আগামী ২৪ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ এবং সুষ্ঠু। জনগণের প্রত্যক্ষ ভোট প্রদানের জন্য প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। নির্বাচনে যদি কেউ অপ্রীতিকর ঘটনা ঘটায় সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
