শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। ১২টি ইউনিয়নের ১০৮টি ওয়ার্ড নিয়ে গঠিত এই উপজেলায় ভোটারের সংখ্যা ২ লাখ ১৭ হাজার ৭০ শত ৬৮। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৯ হাজার ৯ শত ১৬ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৭ হাজার ৭ শত ৯০ জন। উপজেলার মোট ৭৮টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।
এদিকে, নির্বাচনকে সামনে রেখে ভোট প্রার্থনায় নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রার্থীরা। প্রতীক বরাদ্দের পর থেকেই হাট-বাজারসহ বিভিন্ন স্থানে চলছে সভা-সমাবেশ ও উঠান বৈঠক। প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, আর ভোটাররা চাইছেন নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিতে। নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনারও কমতি নেই। কে কাকে ভোট দেবে, তা নিয়ে এখানে-ওখানে, মাঠে-ঘাটে, রাস্তার মোড়ে, দোকানপাটে আলোচনা-পর্যালোচনার ঝড় বইছে।
উপজেলা নির্বাচন অফিস জানায়, কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন ৬৯-৭০ দশকে খুলনা সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমান। ভোট প্রার্থনায় দ্বারে দ্বারে যাচ্ছেন তিনি।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সাঈদ মেহেদী। কর্মী সমর্থকদের সাথে নিয়ে দিনরাত ছুটছেন তিনি। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
এছাড়া আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা যুবলীগের সহ-সভাপতি, সদ্য প্রয়াত কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামানের জ্যেষ্ঠপুত্র, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি শেখ মেহেদী হাসান সুমন। ভোট প্রার্থনায় বসে নেই তিনিও। প্রতিশ্রুতির ফুল ঝরিয়ে যাচ্ছেন উপজেলার এ প্রান্ত থেকে ও প্রান্তে।
মূল লড়াইটা হবে উপজেলা চেয়ারম্যান পদের তিন প্রার্থীর মধ্যে। এ ক্ষেত্রে সৎ, যোগ্য, সদালাপী প্রার্থীকে বেছে নেবেন ভোটাররা। এজন্য ভোটাররা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চান।
এদিকে, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম (টিয়া পাখি), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম (মাইক), উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জিএম জাহাঙ্গীর আলম (উড়োজাহাজ), উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, রেফারি শেখ ইকবাল আলম বাবলু (বই), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল ইসলাম (তালা), নলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস সাহেব (টিউবওয়েল) ও মৎস্য ব্যবসায়ী আব্দুল হামিদ (চশমা)।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন্নাহার জেবু (পদ্দ ফুল), ধলবাড়িয়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি দিপালী রাণী (ফুটবল), উপজেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি ফারজানা শওকত আফি (হাঁস) ও আফসানা বেগম (কলস)।
