স.ম ওসমান গনী সোহাগ, বুড়িগোয়ালিনী: নাবিলা হুসনা জান্নাত। বয়স মাত্র ১১ মাস। শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের নাজমুল হোসেন বাবু ও সাহিদা আক্তার কেয়া দম্পতির জীবনে আসে ফুটফুটে জান্নাত। ভাগ্যের নির্মম পরিহাস, সেই ফুটফুটে শিশুটি আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
শিশুটির পিতামাতা জানিয়েছেন, জন্মের পর থেকে কয়েক দিন পরপর জ্বরে অসুস্থ থাকতো জান্নাত। স্থানীয় হাসপাতালের চিকিৎসকরা নিউমোনিয়া হিসেবে সনাক্ত করেন। পরবর্তীতে সুচিকিৎসার জন্য রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার পরিবার। সেখানে হার্ট বিশেষজ্ঞ ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষার পর বলেন, তার হার্ট ছিদ্র। চিকিৎসকরা জানিয়েছেন, এ চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর অর্থের। তাকে উন্নত চিকিৎসা করানো দরকার। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে ফেরত দেওয়ার পর রাজধানীর হার্ট ফাউন্ডেশনে তাকে ভর্তি করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, ভারতে নিলে তার উন্নত চিকিৎসা সম্ভব। তবে অপারেশন বেশ ব্যয়বহুল। তার পিতা নাজমুল হোসেন বাবু জানিয়েছেন, এই টাকা জোগাড় করা তার পরিবারের পক্ষে সম্ভব নয়। মেয়েকে বাঁচাতে বিত্তবানদের কাছে সাহায্যের ফরিয়াদ জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ ০১৯৩৪-৭১৯৯০৪।
