ডেস্ক রিপোর্ট: ‘কোন জাল ফেলবো না জাটকা ইলিশ ধরবো না’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মার্চ) বিকালে সদরের ফিংড়ি ইউনিয়নের এল্লারচর চিংড়ি চাষ প্রদর্শনী খামার’র সভা কক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় এমপি রবি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা জেলে সম্প্রদায়ের জন্য জাটকা ইলিশ ধরা বন্ধে খাদ্যসহ বিভিন্ন আর্থিক সহায়তা দিচ্ছেন। সাধারণ অসহায় মানুষের মনের অবস্থা বোঝেন বলেই তিনি মানবতার মা। ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশে^ প্রথম। ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ইলিশের প্রজনন বাড়াতে নির্দিষ্ট মৌসুমে ইলিশ ধরা বন্ধ রাখতে হবে। এ সম্পদ রক্ষা করা সকলের দায়িত্ব।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. শহীদুল ইসলাম সরদার প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক, সহকারি মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারি আব্দুল গফুর ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সভাপতি মো. মোখলেছুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান।
