কালিগঞ্জ প্রতিনিধি: জেলা প্রশাসকের নির্দেশে অবশেষে স্থগিত হলো কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন। নতুন ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের জন্য ২১ মার্চ বৃহস্পতিবার নির্বাচনের দিন ধার্য ছিল। একটি মহল বিশেষ সুবিধা নেয়ার লক্ষ্যে আগামী ২৪ মার্চ অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনের মাত্র দু’দিন আগে এই নির্বাচন অনুষ্ঠানের পাঁয়তারা চালাতে থাকে। নির্বাচনের দিন পরিবর্তনের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার বরাবর আবেদন জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় বর্তমান ম্যানেজিং কমিটির বিদ্যেৎসাহী সদস্য অ্যাড. হাবিব ফেরদাউস শিমুল জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন জানান।
তার আবেদনের প্রেক্ষিতে সাতক্ষীরা জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা প্রদান করেন। সে অনুযায়ী ইউএনও সরদার মোস্তফা শাহিন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের কারণ দেখিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত ঘোষণা করেন।
এবিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিত কুমার মন্ডলকে গত ১৮ মার্চ ০৫.৪৪.৮৭৪৭.০০০.২২.০১/১৮-৩৫৯ নং স্মারকে নির্দেশ দিয়েছেন।
