আবিদ হোসেন, ভোমরা: আগামী বৃহস্পতিবার (২১ মার্চ) থেকে ভোমরা স্থল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম চার দিন বন্ধ থাকবে।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন সূত্র জানায়, ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাংগা সিঅ্যান্ডএফ এজেন্ট (ই) কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দোল উৎসব উপলক্ষ্যে বৃহস্পতিবার (২১ মার্চ) ঘোজাডাঙ্গা বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এছাড়া সাতক্ষীরায় ব্যাংক কর্মকর্তারা উপজেলা পরিষদ নির্বাচনের বিশেষ দায়িত্বে নিয়োজিত থাকায় শনিবার (২৩ মার্চ) এবং ভোট গ্রহণের জন্য রবিবার (২৪ মার্চ) ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (২৫ মার্চ) যথারীতি আমদানি-রপ্তানি শুরু হবে।
ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বলেন, আমদানি রপ্তানি বন্ধ থাকলেও বৃহস্পতি, শুক্র ও শনিবার- এই তিন দিন বন্দরের শ্রমিকরা বিভিন্ন গোডাউন ও ডাম্পিং পয়েন্টে লোড আনলোডের কাজে নিয়োজিত থাকবে।
ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল আহম্মেদ জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি ভারতে যাওয়া-আসা করতে পারবেন।
