মো. আশিকুর রহমান, নওয়াবেঁকী (শ্যামনগর): শ্যামনগরে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে আন্তঃমাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলার ৮টি বিদ্যালয়ের অংশগ্রহণে মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১০টায় নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের (এনজিএফ) বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় নকিপুর সরকারি এইচসি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার ফাইনালে হেঞ্চী বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
এ সময় নকিপুর সরকারি এইচসি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের প্রভাষক ড. প্রতাপ কুমার রায়, শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল ফারুক, সংস্থার মাহবুব আলম মঞ্জু।
প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে ছিলেন প্রোগ্রাম অফিসার আকবর হোসেন ও কর্মসূচির ফোকাল সরদার জিয়া উদ্দিন।
