কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হোসেনপুর গ্রামে মুদি ব্যবসায়ী খলিল মীরের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত দেড়টায় ডাকাতেরা প্রাচীর টপকে বাড়ির ভিতরে প্রবেশ করে ঘরের গ্রিলে আঘাত করে। কিন্তু বাড়ির লোকজনের দরজা খুলতে অপারগতা প্রকাশ করলে দরজা ভেঙ্গে তারা ভিতরে প্রবেশ করে। এসময় মীরের আত্মীয়সহ বাড়ির সদস্যদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। পরে তাদেরকে একটি ঘরে আটক রেখে অন্য ঘরের আলমারী ভাঙচুর করে ৪ ভরি স্বর্ণের অলংকার ছিনিয়ে নেয়। এ সময় নগদ টাকা না পেয়ে তারা খলিল মীরের উপর চড়াও হয়ে তাকে মারপিট করতে থাকে।
এক পর্যায়ে খলিল মীরের স্ত্রী সালমা স্বামীর উপর নির্যাতন দেখে খাটের তলায় বালতিতে রাখা ৭ লক্ষ ২০ হাজার ৬০০ টাকা ডাকাতদের দেখিয়ে দেয়। টাকা ও অলংকার নিয়ে যাওয়ায় তৎক্ষণাৎ খলিল মীরের বাড়ির সদস্যরা চিৎকার করতে থাকলে ডাকাতরা ২টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে তড়িঘড়ি করে চলে যায়।
এ ঘটনায় খলিল মীর কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানা গেছে।
