ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৯। এ উপলক্ষ্যে রোববার ‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন আনন্দ শোভাযাত্রা, শিশু সমাবেশ, কেককাটা ও আলোচনা সভার আয়োজন করে।
সকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সেখানে জাতীয় শিশু দিবসের প্রথম পর্বের আলোচনা সভায় শিক্ষার্থী এহছানুল কাদির শান্ত’র সভাপতিত্বে ও প্রজ্ঞা পারমিতা রহমান এবং সাজিম আহমেদের পরিচালনায় বক্তব্য রাখে শিক্ষার্থী মৌরিয়া মোস্তফা, মুসফিকা আফরিন, রুফাইয়া তাহানুন, হাসান আহমেদ প্রমুখ।
সভার দ্বিতীয় পর্বে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধু মানে বাংলাদেশ ও জাতীয় পতাকা, বঙ্গবন্ধু ছিলেন শ্রেষ্ঠ বাঙালি ও অবিসংবাদিত নেতা। এই মহান মানুষটির জন্ম না হলে বাংলাদেশ হতো না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাঙালি জাতিসহ বিশ^বাসী জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করবে।’
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো.সাজ্জাদুর রহমান, সিভিল সার্জন ডা.রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিন্দিতা রায়, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুতমিশ, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত জেলা প্রশাসক মো. বদিউজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, সাতক্ষীরা সরকারি পলিকেটনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. মাকসুদুর রহমান, সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল হক, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিষ সরদার, সহকারি পরিচালক হারুন অর রশিদ, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, ছফুরননেসা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুন্নাহার স্বপ্না, সাতক্ষীরা কারাগারের জেলর আবু জাহেদ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন প্রমুখ।
সভায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ পাঠ করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অন্বেষা রায়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহার আলী। এ সময় শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।
এদিকে, সন্ধ্যায় এ উপলক্ষ্যে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্মের উপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।
