মীর খায়রুল আলম, দেবহাটা: দেবহাটার ঐতিহ্যবাহী রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের গাঁ ঘেষে প্রভাবশালীরা অবৈধভাবে বালু উত্তোলন করছে। ফলে হুমকির মুখে পড়েছে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি। তারপরও প্রতিনিয়ত রূপসী ম্যানগ্রোভের আশেপাশের স্থান থেকে কয়েকটি ট্রলারে করে হারমেশাই চলছে বালু উত্তোলনের কাজ।
স্থানীয়রা জানান, জেলার ও জেলার বাইরের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন অসংখ্য মানুষ আসেন রূপসী ম্যানগ্রোভ দেখার জন্য। কিন্তু প্রশাসনের সামনেই প্রভাবশালীরা বালু উত্তোলন করছে। ফলে দিন দিন রূপসী ম্যানগ্রোভসহ বাংলাদেশের ভূখ- হারিয়ে নদী গর্ভে বিলীন হতে চলেছে।
বালু উত্তোলন করা এক কর্মচারী জানান, প্রতিদিন যান্ত্রিক পদ্ধতিতে চার-পাঁচটি ইঞ্জিন চালিত ট্রলারে আমরা বালু উত্তোলন করি। তিনি বলেন, আমরা কর্মচারী মাত্র। ইজারাদাররা আমাদের যেখান থেকে বালু উত্তোলন করার নির্দেশ দেয়, আমরা সেখান থেকেই বালু উত্তোলন করি।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন জানান, ইজারাদারদের নির্দিষ্ট স্থানে বালু উত্তোলনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। ম্যানগ্রোভের গাঁ ঘেষে বা পাশ থেকে প্রশাসন বালু উত্তোলনের অনুমতি দেয়নি।
