তালা প্রতিনিধি: তালা উপজেলার সমিতি-ঢাকা’র উদ্যোগে ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৬ মার্চ) বেলা ১১টায় তালা মহিলা কলেজ হলরুমে উপজেলার কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়।
সমিতির সভাপতি শেখ আমিন উদ্দীন আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। সমিতির সাধারণ সম্পাদক রেজাউল হক রেজার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল, তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, উপাধ্যক্ষ শফিকুল ইসলাম ও অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
বক্তব্য রাখেন তালা উপজেলা সমিতি ঢাকার সহ-সভাপতি এম এ গফুর, গুহ উত্তম কুমার, তথ্য ও প্রচার সম্পাদক আফজাল হুসাইন, সমাজ কল্যাণ সম্পাদক শেখ আব্দুল হাকীম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমএম মারুফ উল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সাগর, শিক্ষার্থী লায়লা বিলকিস মিম প্রমুখ। এসময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২৩ কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদ ও নগদ ৫ হাজার টাকা করে তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত, ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়েছে। এদের মধ্যে তালা মহিলা ডিগ্রী কলেজের ১০ জন, তালা সরকারি কলেজের ৪ জন, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় ও শহীদ জিয়াউর ডিগ্রী কলেজের ৩ জন করে, পাটকেলঘাটা হারুণ অর রশীদ কলেজ, কুমিরা মহিলা ডিগ্রী কলেজ এবং পাটকেলঘাটা আল-আমীন ফাজিল মাদ্রাসার ১ জন করেসহ জিপিএ-৫ প্রাপ্ত মোট ২৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
