প্রচারণায় ব্যস্ত দেবহাটার প্রার্থীরা
এমএ মামুন, দেবহাটা (সদর): আসন্ন দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে হাট-বাজারসহ সর্বস্তরের মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে দেবহাটা। চলছে পথসভা, গণসংযোগ ও মতবিনিময়।
এবারের নির্বাচনে দেবহাটা উপজেলা পরিষদে তিন পদে ১৪জন প্রার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে পাঁচ জন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ৯৭ হাজার ৮শত ৩৬ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।
সূত্র জানায়, উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান স.ম গোলাম মোস্তফা আনারস প্রতীক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন ঘোড়া প্রতীক, ন্যাশন্যাল পিপলস পার্টি (এনপিপি)’র কেন্দ্রীয় কমিটির সদস্য ওজিয়ার রহমান আম প্রতীক এবং ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের ছেলে সাঈদ মাহফুজুর রহমান মোটর সাইকেল প্রতীক নিয়ে লড়ছেন।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর উড়োজাহাজ, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি টিউবওয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান সবুজ তালা, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল চশমা, ন্যাশন্যাল পিপলস পার্টি (এনপিপি)’র কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াজুল ইসলাম আম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন ফুটবল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আমেনা রহমান পদ্মফুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পারুলিয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয়াংকা রাণী প্রজাপতি এবং জিএম স্পর্শ কলস প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের নিয়ে দেবহাটাতে পথসভা, গণসংযোগ আর মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা উপজেলা বিভিন্ন হাট-বাজার, দোকান-পাট, বিভিন্ন স্থানে প্রতিশ্রুতির বুলি ছড়িয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। এছাড়াও নির্বাচনী পোস্টার, ব্যানার, লিফলেট ও মাইকিং করা হচ্ছে। পাশাপাশি প্রার্থীদের স্ত্রী, সন্তান, ভাই, বন্ধুসহ আত্মীয়-স্বজনদেরকে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করতে দেখা যাচ্ছে।

Leave a Reply