হাবিবুর রহমান, কেঁড়াগাছি: কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটায় ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চম দোলযাত্রা উপলক্ষ্যে ৪ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু হবে আগামী ২৫ মার্চ।
এর মধ্যে ২৭ মার্চ বুধবার অনুষ্ঠিতব্য দোলযাত্রা উৎসবে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ।
হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম কমিটির সভাপতি প্রভাষক কার্তিক চন্দ্র মিত্র জানান, উৎসবে বাংলাদেশের খ্যাতিমান কীর্তন সংগীতজ্ঞের পাশাপাশি ভারতের কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শান্তা দাস, ভারতের ডিডি বাংলা, রূপসী বাংলা টিভি, আকাশবাণীর সংগীত শিল্পী অধ্যাপক মানসী ঘোষ দস্তিদার ও ভারতের নদীয়ার সুপ্রিয়া রায় নবদ্বীপসহ অন্যান্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।
তিনি আরো জানান, ২৫ মার্চ সোমবার থেকে ২৮ মার্চ পর্যন্ত এই অনুষ্ঠানে দেশ-বিদেশের ভক্তবৃন্দ অংশ নেবেন।
