মণিরামপুরে বাল্য বিয়ে: জরিমানা ও মুচলেকায় মুক্তি
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: পালিয়ে বিয়ে করার ১ মাস পর বাল্য বিয়ের দায়ে দম্পতিকে আটক করে বর ও কনের পরিবারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বর বুলবুল আহম্মেদ উপজেলার জয়পুর গ্রামের মোস্তফার ছেলে এবং কনে সুমাইয়া খাতুন উপজেলার ঝাঁপা গ্রামের জিয়াউর রহমানের মেয়ে। সে শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। বুধবার (১৩ মার্চ) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েমা হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করেন। একই সাথে ভ্রাম্যমাণ আদালত বিয়ের বয়স না হওয়া অবধি স্বামীর বাড়িতে না পাঠানোর অঙ্গীকার নামা নিয়ে মেয়েকে তার মায়ের হাতে তুলে দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, মাস খানেক আগে মেয়েটি পালিয়ে যায়। পরে মেয়ের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মেয়ের বয়স প্রায় ১৩ বছর ২ মাস হয়েছে মর্মে প্রত্যয়নপত্র প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েমা হাসান জানান, মেয়ের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় আদালত বরকে ৩০ হাজার টাকা এবং বিয়ের সাথে জড়িত থাকার অপরাধে মেয়ের ভগ্নিপতিকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

Leave a Reply