আশাশুনিতে প্রাথমিকের সহকারি শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন
সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন ও শতভাগ পদোন্নতিসহ ১১তম গ্রেডে বেতন প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকাল ৩টায় উপজেলা পরিষদের অভ্যন্তরীণ সড়কে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সহকারি শিক্ষক বিধান চন্দ্র মন্ডল।
এ সময় আক্তারুজ্জামান পিন্টুর উপস্থাপনায় বক্তব্য রাখেন ইলিয়াস ইকবাল, শরিফুল ইসলাম, সুরভী পারভীন, মনিরুজ্জামান বকুল, দেবু বিশ্বাস, শঙ্কর দাশ, প্রণীতা রায়, নূর জাহান খাতুন স্বপ্না, পিয়ালী ঘোষ, মরিয়ম খানম মুক্তা প্রমুখ।
বক্তারা সহকারি শিক্ষকদের বেতন গ্রেড বৈষম্য নিরসনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ও নির্বাচনের পূর্বে প্রদত্ত অডিও ভয়েস্ কলের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও ২০১৪ সালের ৯ মার্চ থেকে শতভাগ পদোন্নতিসহ ১১তম গ্রেডে বেতন প্রদানের দাবি জানান।
এ সময় শিক্ষকদের যৌক্তিক দাবি মানা না হলে বৃহৎ কর্মসূচির ঘোষণার হুশিয়ারি দেওয়া হয়।
মানববন্ধন শেষে সমিতির আশাশুনি উপজেলা শাখার নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।

Leave a Reply